২৫ অক্টোবর ২০২১


জালালাবাদে নির্বাচনী সহিংসতায় হত্যা মামলা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে ইউনিয়ন পরিষদ নির্বাচন পূর্ব সহিংসতায় হত্যার ঘটনায় ২৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহত আলা উদ্দিনের স্ত্রী রেহানা বেগম বাদি হয়ে এসএমপির জালালাবাদ থানায় এ মামলা দায়ের করেন।

জালালাবাদ থানা ওসি মো. নাজমুল হুদা খান বলেন, মামলায় প্রতিপক্ষের ইউপি সদস্য প্রার্থীসহ ২১ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামি করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনার পর আটক ১০ জনকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার দুপুরের দিকে সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের আলীনগর গ্রামে ইউপি সদস্য প্রার্থী গোলাম রব্বানী বতই ও আব্দুল হামিদের লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে। ভোটের মাঠের আধিপত্য নিয়ে এ দুই ইউপি সদস্য প্রার্থীর লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের হামলায় আলা উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় আরও অন্তত ৭ জন আহত হয়েছেন। নিহত আলা উদ্দিন ওই গ্রামের গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। তিনি মেম্বার প্রার্থী বতই পক্ষের সমর্থক ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রতিপক্ষ ইউপি সদস্য প্রার্থী আব্দুল হামিদ পক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে আলা উদ্দিনকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করেন। স্বজনরা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তাৎক্ষণিক ১০ জনকে আটক করে পুলিশ।

শেয়ার করুন