২৩ অক্টোবর ২০২১
নিজস্ব প্রতিবেদক : কলেজ ক্যাম্পাসে ঢুকে প্রকাশ্য দিবালোকে কলেজছাত্র আরিফুল ইসলাম রাহাতকে (১৮) খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে শুক্রবার সকালে ময়না তদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ। বাদ আসর গ্রামের বাড়ি দক্ষিণ সুরমার তেতলীতে জানাযা শেষে মরদেহ দাফন করা হয়।
শুক্রবার মধ্যরাতে নিহতের বড় চাচা সফিকুল ইসলাম বাদি হয়ে দক্ষিণ সুরমা থানায় হত্যা মামলা (২১(১০)২০২১) দায়ের করেন।
দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় সামসুদ্দোহা সাদিকে প্রধান করে আরও দুইজনের নামোল্লেখ করে অজ্ঞাত ৬/৭ জনকে আসামি করা হয়েছে। খুনের ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখা হয়েছে।
নিহত আরিফুল ইসলাম রাহাত দক্ষিণ সুরমা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ও উপজেলার তেতলী ইউনিয়নের ধরাধরপুর গ্রামের সোলায়মান মিয়ার ছেলে। তাকে হত্যাকারী ‘ঘাতক’ সমসুদ্দোহা সাদিও একই কলেজের ছাত্র এবং উপজেলার সিলাম পশ্চিমপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।তারা উভয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল।
সিনিয়রিটি-জুনিয়রিটি নিয়ে পূর্ব বিবাদের জেরে বৃহস্পতিবারদুপুর সাড়ে ১২টায় দক্ষিণ সুরমা কলেজ ফটকে রাহাতকে ছুরিকাঘাতে হত্যার পর পালিয়ে যায় ঘাতক সামসুদ্দোহা সাদি (২০)। কিন্তু খুনের ঘটনার পর অদ্যবদি পর্যন্ত হত্যার ঘটনায় পলাতক কথিত ছাত্রলীগকর্মী সামসুদ্দোহা সাদিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।