২২ অক্টোবর ২০২১


সিলেটে আরো ৮ জনের করোনা শনাক্ত, সুস্থ ২৯

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে করোনার প্রকোপ কমছেই। সাথে সাথে বাড়ছে আক্রান্ত রোগীর সুস্থতা। এতে করে হাসপাতালগুলোতে কমে আসছে মহামারি এই ভাইরাসে আক্রান্ত রোগীর চাপ।

শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯ জন করোনা আক্রান্ত রোগী। এই সময়ে সিলেট বিভাগজুড়ে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করে জানান, সিলেটে এ পর্যন্ত করোনাভারাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৭২ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯৭৯ জন, সুনামগঞ্জে ৭৩ জন, হবিগঞ্জে ৪৮ জন এবং মৌলভীবাজার জেলায় ৭২ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৭৯৪ টি নমুনা পরীক্ষা করা হয়। মোট পরীক্ষার ১ দশমিক শূন্য এক শতাংশের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলায় শূন্য দশমিক ৬৩ শতাংশ, সুনামগঞ্জে শূন্য শতাংশ, হবিগঞ্জে শূন্য শতাংশ এবং মৌলভীবাজারে ৩.৫৭ শতাংশ।

নতুন শনাক্ত হওয়া ৮ জনের মধ্যে ৪ জন সিলেট জেলার বাসিন্দা। বাকি ৪ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ৮০০ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩৩ হাজার ৭৫৭ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৪৪ জন, হবিগঞ্জে ৬ হাজার ৬৪৮ জন ও মৌলভীবাজারে ৮ হাজার ১৫১ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা সবাই সিলেট জেলার হাসপাতালে ভর্তি আছেন।

এ নিয়ে বিভাগে আজ সকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ১৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ১০ জন, সুনামগঞ্জের হাসপাতালে ২ জন, হবিগঞ্জের হাসপাতালে ১ জন এবং মৌলভীবাজারের হাসপাতালে ১ জন চিকিৎসাধীন আছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেটে ২৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ১৫ জন সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জ জেলায় ২ জন এবং মৌলভীবাজার জেলায় ১২ জন রয়েছেন।

বিভাগে এ পর্যন্ত ৪৮ হাজার ৭৭৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩১ হাজার ৫২৫ জন, সুনামগঞ্জে ৬ হাজার ৭১ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ৮৩৩ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ৩৪৪ জন সুস্থ হয়েছেন।

শেয়ার করুন