২০ অক্টোবর ২০২১
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় নৌকা থেকে পড়ে খালের পানিতে ডুবে মীম আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মীম উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের দিগজান গ্রামের মিন্টু মিয়ার মেয়ে।
বুধবার সকালে নৌকায় খাল পার হতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হয় মীম। পরে অনেক খোঁজাখুঁজি করে গ্রামবাসী তার মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দিগজান গ্রামের সামনে ছোট নৌকায় মীমসহ পাঁচ থেকে ছয় জন খাল পার হচ্ছিল। হঠাৎ মীম পানিতে পড়ে নিখোঁজ হয়ে যায়। পরে খোঁজাখুঁজি করে দুপুর ১২টার দিকে গ্রামবাসী পানি থেকে মীমের মরদেহ উদ্ধার করে।
ধর্মপাশা থানার ওসি মো.খালেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।