১৭ অক্টোবর ২০২১


শাবি-সিকৃবিতে ভর্তি পরীক্ষায় বসছে ৭৮৭৩ শিক্ষার্থী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : রোববার থেকে প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জিএসটি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। প্রথম দিনের ভর্তি পরীক্ষায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রে অংশ নিচ্ছে ৪ হাজার ৭১০ শিক্ষার্থী।

দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ‘ক’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে প্রথমবারের মতো শুরু হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা। দেশের মোট ২৬টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরইমধ্যে পরীক্ষা নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) প্রশাসন।

রোববার বিজ্ঞান বিভাগের ‘এ’ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা। এদিন শাবিপ্রবির কেন্দ্রে অংশ নিবেন ৪ হাজার ৭১০ শিক্ষার্থী। এরপর ২৪ অক্টোবর মানবিক বিভাগে ‘বি’ ইউনিটে অংশ নিবেন ১ হাজার ৯৬৫ জন, ১ নভেম্বর বাণিজ্য বিভাগে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অংশ নিবেন ৮৬৭ জন।

গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক ও শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘রোববার থেকে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা শুরু হবে। পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে নিতে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে অনেক বিশ্ববিদ্যালয়ে প্রশ্নপত্রও চলে গেছে। আমরা শতভাগ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার চেষ্টা করবো। পরীক্ষা শেষ হওয়ার দুই-একদিনের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।’

তিনি আরও বলেন, ‘ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা হয়েছে। ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি ঠেকাতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। এতে পরীক্ষার কেন্দ্র এবং কেন্দ্রের বাইরে বিভিন্ন টেকনিক্যাল টিম পর্যবেক্ষণে থাকবে। তাছাড়া পরীক্ষায় সব ধরণের ইলেক্ট্রিক ডিভাইস সংবলিত ঘড়ি, ক্যালকুলেটর, মোবাইল বিভিন্ন ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে।’

এদিকে রোববার প্রথম দিনের ভর্তি পরীক্ষায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৩১৬৩ জন পরীক্ষার্থী অংশ নেবে।

জানা গেছে, এবার বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগসহ তিনটি ইউনিটে রয়েছে মোট ২২ হাজার ১৩টি আসন। এর বিপরীতে আবেদন করেছেন দুই লাখ ৩২ হাজার ৪৫৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ‘এ’ ইউনিটে এক লাখ ৩১ হাজার ৯০৫ জন, ‘বি’ ইউনিটে ৬৭ হাজার ১১৭ জন এবং ‘সি’ ইউনিটে ৩৩ হাজার ৪৩৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলো হলো- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

শেয়ার করুন