৫ অক্টোবর ২০২১


সিলেটবাসীকে দুটি অ্যাম্বুলেন্স উপহার দিল ভারত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং খাদিমপাড়া ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালের জন্য দুটি অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে ভারত।

মঙ্গলবার ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে লাইফ সাপোর্টযুক্ত অ্যাম্বুলেন্স ২টি হস্তান্তর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন ।

অত্যাধুনিক ও জীবনরক্ষাকারী যন্ত্রপাতি সমৃদ্ধ অ্যাম্বুলেন্সগুলি হাসপাতালে আসা-যাওয়ার পথে রোগীদের মানসম্মত জরুরি সেবা ও ট্রমা লাইফ সাপোর্ট প্রদানের ক্ষেত্রে প্যারামেডিক্স এবং দ্রুত সাড়াদানকারীরা ব্যবহার করতে পারবেন। ২০২১ সালের মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকালে বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে এই অ্যাম্বুলেন্সসমূহ প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট ওসমানী হাসপাতালের পরিচালক ব্রি. জে. ব্রায়ান বঙ্কিম হালদার, সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জাসওয়াল প্রমুখ।

ভারতীয় হাই কমিশনের প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারত কোভিড মোকাবিলায় বাংলাদেশকে পিপিই কিট, চিকিৎসা সরঞ্জাম, টেস্টিং কিট, ভ্যাকসিন প্রদান এবং সক্ষমতা বৃদ্ধি ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালার মাধ্যমে বিভিন্ন উপায়ে সহায়তা করেছে। এ বছরের শুরুর দিকে কোভিডের দ্বিতীয় তরঙ্গের সময় যখন ভারতের প্রয়োজনে বাংলাদেশও পাশে দাঁড়িয়েছিল। বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে, জনস্বাস্থ্য ও জনগণের কল্যাণের জন্য ভারত তার সামর্থ্য অনুযায়ী বাংলাদেশকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

শেয়ার করুন