৫ অক্টোবর ২০২১


হাইকোর্টের নির্দেশনা অমান্য করে স্কুল মাঠে মেলা!

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : হাইকোর্টের নির্দেশনা অমান্য করে সিলেটের শাহজালাল উপশহরের আই ব্লকে অবস্থিত একাডেমির খেলার মাঠে মেলা আয়োজনের উদ্যোগ নিয়েছে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন। ইতোমধ্যে মেলা আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। মাঠে মেলার স্টলসহ আনুসাঙ্গিক সব স্থাপনা বসানোর কাজও শেষ পর্যায়ে রয়েছে। মেলার প্রচারপত্র অনুযায়ী ৫ অক্টোবর মঙ্গলবার মেলা উদ্বোধনের কথা থাকলেও কতৃপক্ষ ১০/১৫ তারিখের মধ্যে মেলা উদ্বোধন করা হবে বলে জানানো হয়েছে।

তবে, মেলা আয়োকরা হাইকোর্টের এমন কোন নির্দেশ পাওয়ার কথা অস্বীকার করে বলছেন, তারা একাডেমির মাঠ নয় বরং গৃহায়ন কর্তৃপক্ষের মাঠে মেলা আয়োজন করছেন।

জানা গেছে, গত মার্চে শাহজালাল উপশহরের আই ব্লকে অবস্থিত একাডেমি খেলার মাঠে এক মাসের জন্য বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন ও তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটিকে মেলা আয়োজনের অনুমতি দেয় গৃহায়ণ ও গণপূর্ত বিভাগ। তবে মেলার সময় শেষ হলেও একাডেমি খেলার মাঠে মেলার স্টলের অবকাঠামোগুলো রয়ে যায়। এ অবস্থায় মাঠে থাকা টিনশেড, সরঞ্জামাদিসহ অন্য অবকাঠামো সরাতে সিটি করপোরেশনের মেয়রের কাছে আবেদন করেন শাহজালাল উপশহর একাডেমির সভাপতি এম এ ওয়াদুদ। এতে ফল না পেয়ে ১২ সেপ্টেম্বর তিনি একটি রিট করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস, সঙ্গে ছিলেন আইনজীবী সৈয়দ ফজলে এলাহী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

এই রিটের প্রেক্ষিতে হাইকোর্ট আগামী ১ মাসের মধ্যে মাঠ থেকে সব ধরনের অবকাঠামো অপসারণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সিলেটের জেলা প্রশাসক, সিটি করপোরেশনের মেয়র, ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সিলেট মহানগর পুলিশ কমিশনারের প্রতি এই নির্দেশ দেওয়া হয়।

এদিকে, হাইকোর্ট মাঠ থেকে সব ধরনের অবকাঠামো ৩০ দিনের মধ্যে অপসারণ করতে নির্দেশ দিলেও তা উপেক্ষা করে সংশ্লিষ্টরা উল্টো তড়িগড়ি করে আবারও এখানে মেলা আয়োজনের প্রস্তুতি নেন। প্রচারপত্র তৈরি করে ব্যবসায়ী ও সর্বসাধারণকে মেলায় আমন্ত্রণ জানান।

অপরদিকে, হাইকোর্টের নিদের্শ অমান্য করে একাডেমির মাঠে মেলা আয়োজনের ঘোষণায় সচেতন সিলেটবাসীর মনে নানা প্রশ্নের উদয় হচ্ছে। সচেতন সিলেটবাসীর প্রশ্ন মেলা আয়োজকরা কী হাইকোর্টকে অবমাননা করছেন না?

মেলা আয়োজনের বিষয়ে মেলা আয়োজকেদের অন্যতম বিবিএমজেএস এর সভাপতি মঈন খান বাবলু বলেন, তারা একাডেমির মাঠে মেলা আয়োজন করছেন না, গৃহায়ণ ও গণপূর্ত বিভাগ থেকে মেলার অনুমতি নিয়ে মেলার আয়োজন করছেন।

হাইকোর্টের প্রতি তারা পূর্ণ শ্রদ্ধাশীল জানিয়ে তিনি বলেন, মেলা বন্ধের কোন নির্দেশ তারা পাননি, যদি এরকম কোন নির্দেশ পান তারা সাথে সাথে মেলা বন্ধ করতে প্রস্তুত রয়েছেন।

সিলেট সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ সেলিম সিলেট বলেন, হাইকোর্টের একটি চিঠি তিনি পেয়েছেন, তবে তার হাতে বিচারিক ক্ষমতা না থাকায় তিনি এ বিষয়ে কোন প্রদক্ষেপ নিতে পারছেন না।

সিলেট মহানগর পুলিশ কমিশনার নিশারুল আরিফ বলেন, হাইকোর্ট থেকে একটি নোটিশ তিনি পেয়েছেন, বিস্তারিত বিষয়টি তদন্ত করে যথাসময়ে এর জবাব তারা দিবেন। তবে মেলা বন্ধে এই মূহুর্তে তারা কোন প্রদক্ষেপ নিচ্ছেন না।

শেয়ার করুন