১৯ সেপ্টেম্বর ২০২১
নিজস্ব প্রতিবেদক : মহানগরীতে বিদ্যুতের খুটিতে ঝুঁকিপূর্ণ তারের জঞ্জাল সরাতে ও নিরাপদ বিদ্যুতায়নের লক্ষে সিলেটে চলছে আন্ডারগ্রাউন্ড ক্যাবল স্থাপনের কাজ। ইতিমধ্যে মহানগরীর ১৪ কিলোমিটার আন্ডারগ্রাউন্ড ক্যাবল স্থাপনের কাজ শেষ হয়েছে। এরই মধ্যে সিলেট নগরীতে আরও প্রায় ২৫ কিলোমিটার আন্ডারগ্রাউন্ড ক্যাবল স্থাপন কাজ হাতে নেয়া হয়েছে।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেট মহানগরীতে আন্ডারগ্রাউন্ড ক্যাবল স্থাপনের কাজ বাস্তবায়ন করছে পিডিবি। এ কাজ বাস্তবায়নে সহযোগিতা করছে সিসিক। ইতিমধ্যে সিলেট মহানগরীর ১৪ কিলোমিটার আন্ডারগ্রাউন্ড ক্যাবল স্থাপনের কাজ শেষ হয়েছে। পরবর্তী ধাপে আম্বরখানা থেকে শাহী ঈদগাহ, শাহী ঈদগাহ-কুমার পাড়া-নাইওরপুল সড়ক, নাইওরপুল-হাফিজ কমপ্লেক্স হয়ে বন্দরবাজার সড়ক, চৌহাট্টা-কুমারপাড়া সড়ক, নয়াসড়ক-জেলরোড সড়ক, নয়াসড়ক-কাজীটুলা সড়ক, নাইওরপুল-সুবহানীঘাট-উপশহর-শিবগঞ্জ সড়ক, সুরমা মার্কেট-শেখঘাট জিতু মিয়া পয়েন্ট-লামাবাজার-রিকাবীবাজার সড়ক, জেলরোড-বন্দরবাজার সড়কগুলোতে আন্ডারগ্রাউন্ড ক্যাবল স্থাপনের কাজের প্রস্তবনা তৈরি করা হয়েছে। এই আন্ডারগ্রাউন্ড ক্যাবলের দৈঘ্য হবে প্রায় ২৫ কিলোমিটার।
জানা যায়, দেশে প্রথম মাটির নিচ দিয়ে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম চালু হয় সিলেট নগরীতে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে শুরু হয় এ কার্যক্রম। ২০২০ সালের জানুয়ারিতে হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকার সড়কের ওপরে থাকা বিদ্যুতের খুঁটি সরিয়ে মাটির নিচ দিয়ে সংযোগ চালু করা হয় বিদ্যুতের। পরে জঞ্জালবিহীন হয় নগরীর আম্বরখানা থেকে বন্দরবাজার এবং পুর্বপশ্চিম জিন্দাবাজার এলাকার রাস্তা।
২০১৯ সালের জুলাইয়ে ‘সিলেট বিভাগে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন’ শীর্ষক ২ হাজার ৫৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এ প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে ৫৫ কোটি টাকা ব্যয়ে নগরীর কিছু এলাকার বিদ্যুৎ লাইন ভূগর্ভে স্থানান্তরের কাজ শুরু হয়।
বিউবির অর্থায়নে ও সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে প্রায় ৫৫ কোটি টাকা ব্যয়ে পরীক্ষামূলক (পাইলট) প্রকল্পের আওতায় নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকার বিদ্যুৎ সাবস্টেশন কেন্দ্র থেকে ভূগর্ভস্থ বিদ্যুৎ সরবরাহের লাইন আম্বরখানা, চৌহাট্টা, জিন্দাবাজার ও কোর্ট পয়েন্টে হয়ে সিলেট সার্কিট হাউস পর্যন্ত স্থাপন করা হয়েছে। এছাড়াও ইতোমধ্যে পূর্ব এবং পশ্চিম জিন্দাবাজারের বিদ্যুৎ লাইনও নেয়া হয়েছে মাটির নিচ দিয়ে।