২৯ অক্টোবর ২০২৩


হেতিমগঞ্জে হরতালে ছাত্রলীগের হামলা : আহত ২

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জে হরতালের শুরুতে ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় ছাত্রলীগের দায়ের কোপে ২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান,, হরতাল পালনে রবিবার (২৯ অক্টোবর) ভোর ৬টায় হেতিমগঞ্জ বাজারে আসেন সিলেট জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহয়া আহমদ ও যুবদল নেতা হাবিব।
এর আগে থেকেই বাজারে সশস্ত্র অবস্থান করছিল স্থানীয় ছাত্রলীগ। হরতালকারীরা অবস্থান নেওয়ার আগেই তামিম ও হাবিবের উপর উপর অতর্কিত হামলা চালায় ছাত্রলীগ।

এসময় তাদের রামদার আঘাতে গুরুতর আহত হন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও সাপ্তাহিক গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সংবাদ এর সম্পাদক-প্রকাশক সিলেট জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহয়া আহমদ। হামলাকারীরা তাকে ধাওয়া করলে তিনি আত্মরক্ষার্থে বাজারের পশ্চিম প্রান্তে মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আশ্রয় নেন। মাদরাসা রোডে পালিয়ে যান সাথে থাকা হাবিব।

এদিকে তামিমের আহত হওয়ার খবর শুনে তাকে হাসপাতালে নিয়ে যেতে কয়েকজন কর্মী বিদ্যালয়ের সামনের সিলেট-জকিগঞ্জ সড়কে আসামাত্র বাজারের দিক থেকে ছুটে আসেন ছাত্রলীগ কর্মীরা। তাদের সাথে দুই গাড়ি পুলিশও ছিলো। ফাঁকা গুলির আওয়াজে হরতালকারীরা গ্রামের ভেতরের রাস্তায় ঢুকে গেলে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় নারী-পুরুষ। মর্নিং ওয়ার্কে বের হওয়া মহিলাসহ মসজিদের মক্তবে আসা শিশুরা ভয়ে দিগ্বিদিক ছুটতে থাকেন। একপর্যায়ে গ্রাম্য রাস্তায় মোটরসাইকেলে থাকা ছাত্রদল কর্মী আব্দুস শহিদকে ব্যাপক মারধর করে ছাত্রলীগ কর্মীরা। এরপর পুলিশ আহত অবস্থায় আব্দুস শহিদকে গ্রেফতার করে মোটরসাইকেলসহ থানায় নিয়ে যায়।

অপরদিকে, আহত তামিম ইয়াহয়াকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় জনতা হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনার পর পরই বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এমনকি মোল্লাগ্রামের ভেতরেও পুলিশী টহল জোরদার করা হয়। সকাল ১০টার দিকে ৫ গাড়ি পুলিশ গ্রামের বিভিন্ন রাস্তা প্রদিক্ষণ করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

শেয়ার করুন