১৯ সেপ্টেম্বর ২০২১
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ-সিলেট বাইপাস সড়কে পরিবহন থেকে চাঁদা আদায়ের অভিযোগে সুনামগঞ্জে চলছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট। সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকা ওই ধর্মঘট রোববার ভোর ৬টা থেকে শুরু হয়।
সরেজমিনে বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, সুনামগঞ্জের উদ্দেশে আসা দূর-পাল্লার বাসগুলো যাত্রীদের নামিয়ে দিয়ে বাস টার্মিনালে নিয়ে পার্কিং করছেন চালকরা। সহকারীরা গাড়ি ধুয়েমুছে রাখছেন। অনেক চালক কাউন্টারের সামনেই গাড়ি রেখে ভেতরেই ঘুমিয়ে আছেন। তবে সকাল সাড়ে ৭টা পর্যন্ত বাস টার্মিনালে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কোনো নেতাকে দেখা যায়নি।
সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, আমার কাছে শ্রমিক ইউনিয়নের নেতারা চাঁদা আদায়ের বিষয়টি জানিয়েছিল। আমি সিলেট পুলিশকে জানাতে পরামর্শ দিয়েছিলাম। যেহেতু আমার এলাকায় চাঁদাবাজি ঘটনাটি ঘটছে না তাই আমার পক্ষে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, সুনামগঞ্জ ও সিলেটের পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করা হবে।