১৭ সেপ্টেম্বর ২০২১


শায়েস্তাগঞ্জে চোরাই কাঠসহ আটক ৩

শেয়ার করুন

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে তিন লাখ টাকার চোরাই কাঠ ও দুটি ট্রাকসহ তিন চোরাকারবারিকে আটক করেছে বন বিভাগ। আটকরা হলেন- পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর গ্রামের জাহাঙ্গীর খানের ছেলে আজিজুল খান (২৩), ঢাকার নবাবগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের লাল মিয়ার ছেলে তানভীর হোসেন (২২) ও শরীয়তপুরের গোসারহাট উপজেলার চইদীপুর গ্রামের শফিক বেপারীর ছেলে আইনাল বেপারী (৪৭)।

শুক্রবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের লস্করপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

বনবিভাগ সূত্র জানায়, গামাই কাঠের ৩২ পিস সলিড দরজা ও ৬৩ পিস শিলকড়ই কাঠের চৌকাঠবোঝাই দুটি ট্রাক (ঢাকা মেট্রো ন ১৬-৫৩৩৭ ও মেট্রো ন-১৭-১৫৪৭) ঢাকা থেকে সিলেটে যাচ্ছিলো। এসময় ট্রাক দুটি জব্দ করে তিন চোরাকারবারিকে আটক করা হয়।

শায়েস্তাগঞ্জ বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ির সহকারী কর্মকর্তা মো. আহমদ আলী বলেন, বনবিভাগের ট্রানজিট পাসসহ কোনো ধরনের কাগজ দেখাতে না পারায় তাদের আটক করি।

শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা শহিদুর রহমান বলেন, জব্দকৃত কাঠ-গাড়ি ও আটক আসামিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন