১১ সেপ্টেম্বর ২০২১


কি মিশন নিয়ে সিলেট সফরে বিদিশা?

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ আজ এক বিশেষ সফরে সিলেটে এসেছেন। তার সফর সঙ্গী হিসেবে থাকছেন জাতীয় পার্টির শীর্ষ কয়েকজন নেতা। তিনি সিলেটে পৌঁছেই হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করেন। এবং সেখানে যোহরের নামাজ আদায় ও কোরআন শরীফ পাঠ করার পর মাজারে শিরণি বিতরণ করেন। এরপর দরগাহ গেইটস্থ একটি হোটেলে বিশ্রামে রয়েছেন। আছরের নামাজের পর হজরত শাহপরাণ (র.)-এর মাজার জিয়ারত ও শিরণি বিতরণ করবেন বিদিশা। এরপর রাত ৮টা ২০ মিনিটে বিমানের ফ্লাইটে করে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন তিনি। হোটেলে অবস্থানকালে তিনি স্থানীয় নেতাকর্মীদের সাথে কথা বলবেন বলে জানা গেছে।

এদিকে, বিদিশা এরশাদের এই সফর দলীয় বলা হলেও এটা আগামী নির্বাচনকেন্দ্রিক, এমনটাই বলছেন তার অনুসারীরা। তবে তিনি কি মিশন নিয়ে সিলেটে এসেছেন তা নিয়ে দেখা দিয়েছে রহস্য।

তবে জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ার কেন্দ্রীয় সদস্য ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী অ্যাডভোকেট সুয়েব আহমদ বলেন, বিদিশা এরশাদের এই সফর মূলত সাংগঠনিক সফর। সিলেট সফরকালে তিনি দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন।’

জানা গেছে, বিদিশা এরশাদ জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণভার নিজের হাতে নিতে চান। সে লক্ষ্যে তিনি বিগত কিছুদিন ধরে তৎপরতা চালাচ্ছেন। মূলত এরশাদের মৃত্যুর পর দৃশ্যপটে আবির্ভূত হয়েছেন বিদিশা।

উল্লেখ্য, দুই বছর আগে এরশাদের মৃত্যুর পর বিদিশা ‘জোর করে’ এরশাদের বাড়ি বারিধারার প্রেসিডেন্ট পার্কে উঠে পড়েন। তার ছেলে এরিককে ‘চরম অবহেলা করে তার স্বাস্থ্যের অবনতি ঘটানো হয়েছে’ বলে অভিযোগ করেন তিনি। মাস দুয়েক আগে এরশাদের মৃত্যুবার্ষিকীর দিনে এরিক জাতীয় পার্টির ‘নতুন কমিটি’ ঘোষণা করেন; যদিও তাকে রাজনীতি থেকে দূরেই রেখেছিলেন এরশাদ, আর দলেও তার কোনো পদ নেই।

এরিক তার সৎ মা সংসদে বিরোধীদলীয় নেতা ও দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে ‘নতুন কমিটি’র চেয়ারপার্সন ঘোষণা করেন। মা বিদিশার সঙ্গে রওশনের ছেলে রাহগীর আল মাহি সাদকে (সাদ এরশাদ) কো-চেয়ারম্যান ঘোষণা করেন তিনি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে ঘোষণা করা হয় এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদের নাম।

শেয়ার করুন