২ সেপ্টেম্বর ২০২১
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর এখনো সরকার গড়েনি তালেবান। তবে শিগগিরই সব পক্ষকে নিয়ে সরকার গঠন করা হবে বলে জানিয়েছে তারা। তালেবান জানিয়েছে, সরকারের ‘সুপ্রিম লিডার’ হবেন হায়বাতোল্লা আখুন্দজাদা। তার পরামর্শে দেশ চালাবেন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী।
তালেবানের কালচারাল কমিশনের সদস্য আনামুল্লা সামাঙ্গানি আফগান সংবাদমাধ্যম টোলো নিউজে দেয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন। খবর রুশ বার্তা সংস্থা তাসের।
সাক্ষাৎকারে সামাঙ্গানি বলেন, ‘নতুন সরকার গঠন নিয়ে আলোচনা প্রায় শেষ। ক্যাবিনেট গড়া নিয়ে প্রয়োজনীয় আলোচনা হয়েছে। আমরা এমন একটি ইসলামিক সরকার ঘোষণা করব যা মানুষের জন্য উদাহরণ হয়ে থাকবে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে সরকারের প্রধান হবেন হায়বাতোল্লা আখুন্দজাদা। এই বিষয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না।’
এর আগে বার্তা সংস্থা খামা প্রেস সূত্রের বরাত দিয়ে জানায় যে, তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী হবেন রাজনৈতিক শাখার প্রধান মোল্লা আবদুল গনি বারাদার। মোল্লা ইয়াকুব (প্রথম তালেবান নেতার পুত্র) প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন এবং খলিফা হাক্কানি (তালেবানের অন্যতম নেতা জালালুদ্দীন হাক্কানির পুত্র) স্বরাষ্ট্রমন্ত্রী হবেন।
খবরে বলা হয়, তিন সেপ্টেম্বর তালেবান সরকার ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।
এদিকে প্রদেশগুলোতে গভর্নর, পুলিশ প্রধান ও জেলা প্রশাসনের কর্তাদের নিয়োগ করেছে তালেবান। তবে তালেবান জামানায় আফগানিস্তানের জাতীয় সংগীত ও পতাকা কেমন হবে তা জানা যায়নি।