২২ আগস্ট ২০২১
মৌলভীবাজার প্রতিনিধি : করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর শুক্রবার থেকে খুলে দেওয়া হয়েছে বনবিভাগের সকল পর্যটনকেন্দ্র। এরই ধারাবাহিকতায় খুলেছে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের অপার লীলাভূমি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুণ্ড জলপ্রপাত, কমলগঞ্জে অবস্থিত জীববৈচিত্র্যে ভরপুর লাউয়াছড়া জাতীয় উদ্যান, শ্রীমঙ্গলের বাইক্কাবিল ও মাধবপুর লেকসহ পর্যটনকেন্দ্রগুলো।
শুক্রবার দুপুরের পর কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান খুলে দেওয়ার পর পর্যটকদের তেমন উপস্থিতি দেখা যায়নি। তবে শনিবার পর্যটকের পদভারে মুখরিত হয়ে ওঠে। শুধু লাউয়াছড়াই নয়, মাধবপুর লেক, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতিসৌধ, বড়লেখার মাধবকুণ্ড, চা-বাগানসহ কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের পর্যটনকেন্দ্রগুলোতে ভিড় দেখা গেছে।
লাউয়াছড়া জাতীয় উদ্যানে গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকের পদভারে মুখর হয়ে উঠেছে এ উদ্যান। ছোটবড় প্রায় সববয়সী পর্যটকের আনাগোনা দেখা গেছে। স্বাস্থ্যবিধি মেনে উদ্যানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে পর্যটকদের।
লাউয়াছড়া জাতীয় উদ্যান খোলার খবর পেয়ে ঘুরতে আসা অনেকের সঙ্গে কথা হয়। সিলেটের বিয়ানীবাজার থেকে আসা ফাহমিদা নওশীন, মাজহারুল কয়েস, নেত্রকোনা থেকে আসা শাহ দিলদার মামুন, সিলেট শহর থেকে আসা শ্রাবন্তী চৌধুরী বলেন, দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর প্রকৃতির সঙ্গে সময় কাটানোর জন্য এসেছি। সবুজ এ বন ঘুরে সত্যিই ভালো লেগেছে।
এদিকে উদ্যানের ভেতরে অধিকাংশ পর্যটকের মুখেই মাস্ক দেখা যায়নি। ছবি তোলা কিংবা অক্সিজেন গ্রহণের জন্য অধিকাংশ পর্যটকই মাস্ক রাখছেন না মুখে। তবে পর্যটকরা যাতে স্বাস্থ্যবিধি মেনে উদ্যানে চলাচল করেন সেজন্য কাজ করছে লাউয়াছড়া উদ্যানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পর্যটন পুলিশ ও বনবিভাগের সংশ্লিষ্ট লোকজন।