১২ আগস্ট ২০২১
আন্তর্জাতিক ডেস্ক : আগামী এক থেকে তিন মাসের মধ্যে আফগানিস্তানের রাজধানী কাবুল তালেবানের নিয়ন্ত্রণে চলে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তালেবানের আক্রমণ জোরালো হওয়ায় মার্কিন গোয়েন্দাদের ধারণার চেয়েও অনেক আগে কাবুল সশস্ত্র এই গোষ্ঠীর নিয়ন্ত্রণে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
৯ প্রাদেশিক রাজধানী দখলে নেয়া আফগানিস্তানের সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী তালেবান আগামী ৩০ দিনের মধ্যে দেশটির রাজধানী কাবুলকে বিচ্ছিন্ন ও ৯০ দিনের মধ্যে দখলে নিতে পারে। বুধবার যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তা তাদের গোয়েন্দাদের তথ্যের বরাত দিয়ে রয়টার্সকে এই শঙ্কা প্রকাশ করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে মার্কিন ওই কর্মকর্তা বলেছেন, কাবুলের পতন নিয়ে মার্কিন গোয়েন্দারা নতুন মূল্যায়ন করেছেন। যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক বাহিনী আফগানিস্তান থেকে চলে যাওয়ায় দেশজুড়ে তালেবানের দ্রুত অগ্রগতি দেখতে পাচ্ছেন গোয়েন্দারা।
মার্কিন ওই কর্মকর্তা বলেছেন, এটি কোনও আগাম অনুমান নয়। তবে আফগান নিরাপত্তা বাহিনী আরও প্রতিরোধ গড়ে তুলে গতি পরিবর্তন করতে পারে।
এর আগে, মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা বলেছেন, ইসলামি এই গোষ্ঠী বর্তমানে আফগানিস্তানের ৬৫ শতাংশ ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়েছে। পাশাপাশি দেশটির ১১টি প্রাদেশিক রাজধানী দখল অথবা দখলের হুমকিতে আছে।
পাহাড়-পর্বত ঘেরা কাবুলের চারপাশের সব প্রবেশপথ দেশজুড়ে সহিংসতায় পালিয়ে আসা বেসামরিক নাগরিকে ভরে গেছে বলে পশ্চিমা একটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে। যে কারণে কাবুলে আফগান যোদ্ধারা প্রবেশ করতে পারবে কি-না সেটি বলাও কঠিন হয়ে পড়েছে।
তিনি বলেছেন, আত্মঘাতী বোমা হামলাকারীরা হামলার ভয় দেখানোর জন্য কূটনৈতিক এলাকায় প্রবেশ করছে। আগাম সুযোগ নিয়ে যাতে প্রত্যেকেই এলাকা ছাড়তে পারে সেটি নিশ্চিত করছে তালেবান।
বুধবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বাদাখশানের রাজধানী ফাইজাবাদের পতন হয়ে তালেবানের হাতে; যা আফগান সরকারের জন্য সর্বশেষ ধাক্কা। তালেবানের হামলার গতি প্রতিরোধ করতে হিমশিম খাচ্ছে দেশটির সরকার।
তালেবান একেবারে কাছাকাছি চলে আসায় একই দিন প্রেসিডেন্ট আশরাফ গনি দেশটির উত্তরাঞ্চলের সবচেয়ে বড় শহর মাজার-ই-শরিফ রক্ষার জন্য পুরনো যুদ্ধবাজদের এক সমাবেশে যোগ দিতে সেখানে উড়ে যান।
উল্লেখ্য, মঙ্গলবার পর্যন্ত ৫ দিনে ৭ প্রাদেশিক রাজধানী দখলে নেয়া আফগানিস্তানের সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী তালেবান। তালেবানের ভয়ে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন আফগানিস্তানের ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী খালিদ পায়েন্দা। এছাড়াও আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি দেশটির কঠোর নিরাপত্তা বেষ্টিত উত্তরাঞ্চলীয় নগরী মাজার-ই-শরিফে চলে গেছেন।