২৫ সেপ্টেম্বর ২০২৩
ডেস্ক রিপোর্ট:মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতি আরোপের পর প্রথম কার্যদিবসেই দেশের পুঁজিবাজারে লেনদেন ও সূচক দুই কমেছে। রবিবার (২৪ সেপ্টেম্বর) সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে টাকার অঙ্কে লেনদেন হয়েছে ৫০০ কোটি ৭৪ লাখ টাকা। যা আগের কার্যদিবস বৃহস্পতিবার ছিলো ৭৩৫ কোটি ৩৫ লাখ টাকা।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট কমে ৬ হাজার ২৮০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৮ পয়েন্টে, ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট কমে ২ হাজার ১৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। গত একমাসের মধ্যে আজ ডিএসই’র প্রধান সূচক সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।
ডিএসইতে মোট ৩১০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২টি কোম্পানির। এছাড়া দরপতন হয়েছে ১৪৮টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৮ পয়েন্ট কমে ১৮ হাজার ৫৯৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসসিএক্স ৪১ পয়েন্ট কমে ১১ হাজার ১১৭ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ১৮ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৬০ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে ১৪৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত আছে ৫০টির। দিন শেষে সিএসইতে ৮ কোটি ১৫ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।