৮ আগস্ট ২০২১
আজকের সিলেট ডেস্ক : সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বিষয়টি নিশ্চিত করে বলেন, জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ নিয়ে কটাক্ষ করায় এবং সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় সুমনকে অব্যাহতি দেয়া হয়েছে।
ব্যারিস্টার সুমনকে বহিষ্কারের চিঠি পাঠানো হবে জানিয়ে মাইনুল হোসেন খান নিখিল আরো বলেন, ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান। এই স্লোগানের মাধ্যমেই বাঙালি জাতি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা এনেছিল। জয় বাংলা স্লোগানকে কটাক্ষ করায় আমরা সংগঠনের আইন সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেবো।
এর আগে শরীয়তপুরের পালং মডেল থানার ওসি আক্তার হোসেনের বিষয়ে কথা বলতে ব্যারিস্টার সায়েদুল হক সুমন শুক্রবার ফেসবুক লাইভে আসেন। এ সময় সুমন বলেন, ‘আপনারা জানেন যে ৫ আগস্ট শেখ কামাল সাহেবের জন্মদিনে শরীয়তপুরের পালং থানার ওসি আক্তার হোসেনের আওয়ামী লীগের দলীয় স্লোগান দেয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এই জিনিসটা দেখার পর আমার কাছে মনে হয়েছে দু-একটা কথা বলা দরকার। সুমন বলেন, ‘আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন যে, বাংলাদেশ আওয়ামী লীগের স্লোগান দেয়ার মানুষ কী এতই কম যে একজন ওসি সাহেবের এই স্লোগান দিতে হবে।
সুমনের এই লাইভ ভিডিও প্রকাশ হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে সমালোচনা’র সৃষ্টি হয়। অনেকেই এর প্রতিবাদ জানিয়ে বলেন, ব্যাকগ্রাউ- না দেখে দলীয় নেতা বানালে যা হয়, সুমনের ক্ষেত্রে তাই হয়েছে।
প্রসঙ্গত, ২০২০ সালের ১৪ নভেম্বর আওয়ামী যুবলীগের ২০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ওই কমিটিতে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে আইন বিষয়ক সম্পাদকের পদ দেয়া হয়েছিল।