২৬ ডিসেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, সিপিডিতে অনেক রাশিয়ান অর্থনীতিবিদ আছেন, যারা ঘরে বসে অঙ্ক কষে ব্যাংকিং খাতে ১৫ বছরে ৯২ হাজার কোটি টাকা লুটপাটের মতো আজগুবি তথ্য দিয়েছেন। রাশিয়ার মতো বড় দেশের উনিশ টুকরো হয়ে যাওয়ার পেছনে তাদের অর্থনীতিবিদরা দায়ী।
মঙ্গলবার সকালে নগরের আম্বরখানা এলাকায় গণসংযোগ করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দুর্ভাগ্যবশত সিপিডিতে যারা আছেন তাদের অনেকেই রাশান ইকোনোমিস্ট। তারা ঘরে বসে অঙ্ক কষে আজগুবি নাম্বার বের করেছে, বাহবা পাওয়ার জন্য। সিপিডির কাছে তথ্যবহুল ও বস্তুনিষ্ঠ হিসাব থাকলে, সরকার তা গ্রহণ করবে।
এ সময়, গার্মেন্টকর্মীদের ২৩ হাজার টাকা মজুরি দাবির প্রসঙ্গ এনে সিপিডির সমালোচনা করে ড. মোমেন বলেন, তাদের দাবি বাস্তবায়ন হলে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে।
নির্বাচনের নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, নির্বাচনে ভোটারদের নিরাপত্তা থাকবে শতভাগ। কোনো ভয়-আতঙ্ক নেই। যারা ভোট বর্জনের কথা বলছে, তাদের পরিমাণ নগণ্য। তারা শুধু টেলিভিশনে আর মিডিয়াতে। আর কোথাও তারা নেই।
বিএনপির দিকে ইঙ্গিত করে ড. মোমেন বলেন, কিছু লোক প্রোপাগান্ডা ছড়াচ্ছে, কয়দিন পরপর প্রোপাগান্ডা শোনেন। একেকটা কাহিনি কয়দিন পরপর বের হয়। এগুলো একেবারে ভুয়া। এসব নিয়ে দুশ্চিন্তার কারণ নেই।