৭ আগস্ট ২০২১
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় মৌমাছির কামড়ে বৃদ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহত আবুল হোসেন (৮০) ও আজুতুন নেছা (৬০) আজমিরীগঞ্জ পৌরসভার জুম্মাহাটি এলাকার বাসিন্দা। তাদের একেকজনের শরীরে মৌমাছির সহস্রাধিক কামড়ের দাগ ছিল বলে চিকিৎসক জানিয়েছেন।
শনিবার ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল হোসনের ঘরের সামনে আমগাছে মৌমাছির বাসা ছিল। শুক্রবার (৬ আগস্ট) বিকেলে তিনি ও তার স্ত্রী ঘর থেকে বের হলে মৌমাছির দল তাদেরকে অনেকক্ষণ ধরে কামড়ায়। পরে তাদেরকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে দুইজনের মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. মনির হোসেন বলেন, আবুল হোসেন ও আজুতুন নেছার প্রতিজনের শরীরে মৌমাছির সহস্রাধিক কমাড়ের দাগ রয়েছে। অতিরিক্ত বিষক্রিয়ায় তারা মারা গেছেন। দুইজনেরই হাসপাতালে আইসিইউ সাপোর্ট প্রয়োজন থাকায় বিভাগীয় হাসপাতালে রেফার করা হয়েছিল। কিন্তু তাদের পরিবারের সদস্য আর কেউ না থাকায় রাতের বেলা নিয়ে যাওয়া হয়নি।
আরেকজন চিকিৎসক বলেন, তারা অনেকগুলো মৌমাছির কামড়ে জর্জিরত ছিলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা তাদের জন্য পর্যাপ্ত না। দ্রুত উন্নত চিকিৎসা দরকার ছিল।