১৯ জুলাই ২০২১


র‌্যাবের খাচায় ‘ভূয়া র‌্যাব’

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : র‌্যাব কর্মকর্তা পরিচয় দিয়ে শতাধিক মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে শেখ কামাল হোসাইন (৪২) নামে একজনকে আটক করেছে র‌্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটক ব্যক্তির ঘর থেকে র‌্যাবের পোশাক পড়া তিনটি ছবি, এক সেট পোশাক ও নগদ ১৯ হাজার টাকা জব্দ করা হয়েছে। কামাল হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমতলী গ্রামের আনোয়ার মিয়ার ছেলে।

সোমবার বিকেলে র‌্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, কামাল হোসেন তার এলাকায় নিজেকে র‌্যাব কর্মকর্তা হিসেবে প্রচার করছিলেন। মামলার আসামিদের খুঁজে বের করে মামলা থেকে বাঁচিয়ে দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন তিনি। এমনভাবে শতাধিক মানুষের সঙ্গে প্রতারণা করেছেন ওই ব্যক্তি।

কিছুদিন আগে প্রতারণার ব্যাপারে জানতে পেরে র‌্যাব-হবিগঞ্জ ক্যাম্প তাকে নজরদারীতে রাখছিল। রোববার র‌্যাবের একজন সদস্য নিজেকে আসামি হিসেবে পরিচয় দেন এবং মামলা থেকে বাঁচতে কামালের কাছে গেলে কামাল টাকার জন্য দর কষাকষি করেন। তখনই তাকে হাতেনাতে আটক করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান জানান, শেখ কামাল হোসাইন নিজেকে র‌্যাব কর্মকর্তা পরিচয় দিয়ে শতাধিক মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। র‌্যাবের পোশাক পড়া অবস্থায় ফ্রেমে বাঁধানো তিনটি ছবি, এক সেট র‌্যাবের পোশাক ও নগদ ১৯ হাজার টাকাসহ তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের পর তাকে চুনারুঘাট থানায় সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন