১২ জুলাই ২০২১
ডেস্ক রিপোর্ট : মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা ২১ জুলাই। এদিন মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে পশু কোরবানি হবে। দিনটিতে পশু জবাইয়ের জন্য মোট ৫১টি স্থান নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে। গেল বছরও এই ৫১টি স্থানেই পশু জবাই করা হয়েছিল বলে জানিয়েছে সিসিক সূত্র।
গেল বছরও ঈদুল আজহা হয়েছিল মহামারি করোনাকে সঙ্গে নিয়ে। সেবার সিলেট সিটি করপোরেশনের মোট ৫১টি স্থানে পশু জবাই করা হয়েছিল। এরমধ্যে ২৭টি ওয়ার্ডের প্রতিটিতে একটি স্থান ছিল। তবে কোন কোন ওয়ার্ডে তা ছিল একাধিক।
এবারও করোনাকালে ঈদুল আজহা। সঙ্গে বর্ষাকাল। বৃষ্টি যখন তখন নেমে আসে। এসব বিবেচনায় এবার আর পশু জবাইর স্থান বাড়ানো হবেনা।
তবে এই ৫১টি স্থান এখনো নিদিষ্ট করে জানাতে পারেনি সিসিক সূত্র। দু’একদিনের মধ্যেই সিসিকর বৈঠকে স্থানগুলো চূড়ান্ত করা হবে।
সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, পশু জবাইর স্থান এবার বাড়ানো হচ্ছেনা। প্রতিটি ওয়ার্ডে একটিতো থাকবেই। পাশাপাশি কোন কোন ওয়ার্ডে একাধিক স্থানও থাকবে। বিষয়টি দু’ একদিনের মধ্যে চূড়ান্ত হবে।