২১ জুন ২০২১
নিজস্ব প্রতিবেদক : দুই সপ্তাহের ব্যবধানে সিলেটের বাজারগুলোতে ব্রয়লার মুরগির দাম কেজিতে ২৫-৩০ টাকা পর্যন্ত বেড়েছে।
এদিকে মাসের ব্যবধানে বাজার ভেদে বেড়েছে ৩০-৩৫ টাকা পর্যন্ত। কয়েক দফায় ব্রয়লার মুরগির দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।
সোমবার সকালে নগরীর বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, খুচরা পর্যায়ে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকায়। যা দুই সপ্তাহ আগে ছিল ১২০ থেকে ১২৫ টাকার মধ্যে। আর মাসখানেক আগে ব্রয়লারের কেজি ছিল ১১৫ থেকে ১২০ টাকা। দাম বৃদ্ধির বিষয়ে বন্দরবাজারের এক ব্যবসায়ীর সাথে কথা বললে তিনি বলেন, মাসখানেক ধরে বাজারে ব্রয়লার মুরগির চাহিদা বেড়ে গেছে। কিন্তু সরবরাহ তুলনামূলক কম। এ কারণেই দাম বেড়েছে।
তিনি বলেন, সরবরাহ বেশি থাকায় কিছুদিন আগেও কেজি প্রতি ১২০ টাকায় ব্রয়লার মুরগি বিক্রি করেছি। এখন সেই মুরগি ১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। লালবাজারের কোনো কোনো দোকানে ১৫০ আবার কোন দোকানে ১৫৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। আবার সিলেট শহরের বিভিন্ন দোকানে ১৬০ টাকা কেজিতেও বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি।
নগরীর মুরগি ব্যবাসায়ী মনির হোসেন বলেন, কয়েকদফায় বেড়েছে মুরগির দাম। যার জন্য আমাদেরকে কিনতে হচ্ছে দাম দিয়ে। ঝড়-বৃষ্টির কারণে ব্রয়লার মুরগির উৎপাদন চাহিদার তুলনায় কমে গেছে। তবে কিছু দিনের মধ্যেই মুরগির দাম কমবে।
এদিকে, প্রাণিজ আমিষের এই সহজলভ্য উৎসের দাম বেড়ে যাওয়ায় অসুবিধায় পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ।
কথা হয় উপশহরের বাসিন্দা ডালিম আহমেদ নামের একজন ক্রেতার সঙ্গে। এ ব্যাপারে তিনি বলেন, এক কেজি গরুর মাংসের দাম ৬০০ টাকা। খাসির মাংসের দাম ৮০০ টাকা। এতো দাম দিয়ে মাংস কিনে খাওয়া আমাদের পক্ষে সম্ভব না। অনেক আগেই গরু-খাসির মাংস খাওয়া ছেড়ে দিতে হয়েছে। এখন ব্রয়লার মুরগিও মনে হচ্ছে কপাল থেকে উঠে যাবে। আগে এক কেজি বয়লার মুরগি কিনতাম ১২০/১৩০ টাকা দিয়ে, এখন ১৫০/১৬০ টাকা লাগছে।
এদিকে, ব্রয়লারের পাশাপাশি বেড়েছে সোনালী ও লাল কক মুরগির দামও। এগুলো প্রতি পিছে ২০-৩০ টাকা করে দাম বেড়েছে দুই সপ্তাহের ব্যবধানে।