১৯ জুন ২০২১


সিলেট এমএজি ওসমানী কলেজে শুরু হয়েছে টিকাদান

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটেও শুরু হয়েছে চিনের তৈরী সিনোফার্মের ভ্যাক্সিনেশন কার্যক্রম। শনিবার সকাল ৮টা থেকে সিলেটের একমাত্র কেন্দ্র সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এ কার্যক্রম শুরু হয়।

সংশ্লিষ্টরা জানান- সরকারি নির্দেশনা অনুযায়ী এবার অগ্রাধিকার ভিত্তিতে মেডিকেল কলেজ শিক্ষার্থী, সিলেট নার্সিং কলেজ, মেডিক্যাল এসিস্ট্যান্ট, বিগত দিনে টিকা থেকে বাদ পড়া চিকিৎসক-নার্স, পুলিশ সদস্য, কবর খননকারী ও মৃত দেহের দাফনে নিয়োজিত এবং বিগত দিনে যারা টিকার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন আপাতত তাদেরকে ঠিকা দেয়া হবে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দেয়া তালিকা অনুযায়ী এই ভ্যাক্সিন দেয়া হবে।

এর আগে গতকাল শুক্রবার সিলেট এসে পৌঁছেছে চীনের তৈরি সিনোফার্মের ৩৭ হাজার ২০০ ডোজ টিকা। টিকাগুলো সিভিল সার্জন অফিসের ইপিআই কোল্ড স্টোরে রাখা হয়েছে।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, মেডিকেল কলেজ শিক্ষার্থীদের পরে সিলেট নার্সিং কলেজ, মেডিকেল এসিস্ট্যান্ট, বিগত দিনে টিকা থেকে বাদ পড়া চিকিৎসক-নার্স, পুলিশ সদস্য, কবর খননকারী ও মৃত দেহের দাফনে নিয়োজিত এবং বিগত দিনে যারা টিকার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন আপাতত তাদেরকে টিকা দেয়া হচ্ছে।

এদিকে আবারও সিলেটের জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, করোনাভাইরাসের ভ্যাকসিন নিলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সবসময় মাস্ক পরতে হবে।

এর আগে সিলেটে ৩ লাখ ৭৫ হাজার ৪১৬ জন ভ্যাকসিন নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেন। তারমধ্যে ৩ লাখ ৪৪২ জনকে প্রথম ডোজ দেওয়া হয়। আর করোনা টিকার দ্বিতীয় ডোজ নেন ২ লাখ ১৮ হাজার ৫২৩ জন।

প্রসঙ্গত, চলতি বছরের ৭ ফেব্রুয়ারি সিলেটে গণহারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়। এর আগে ৩১ জানুয়ারি সিলেটে ভ্যাকসিনের প্রথম চালান এসে পৌঁছায়। এরপর ধাপে দাপে সিলেটে সর্বমোট ৫ লাখ ৩১ হাজার ডোজ ভ্যাকসিন পৌঁছে। এরমধ্যে  শুক্রবার পর্যন্ত বিভাগ জুড়ে ৫ লাখ ১৮ হাজার ৯৬৫ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়।

শেয়ার করুন