২ আগস্ট ২০২১


পর্যটনের নতুন আকর্ষণ কমলগঞ্জের ‘পদ্মছড়া লেক’

শেয়ার করুন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : চারদিকে উঁচু-নিচু সবুজ পাহাড়, টিলা ও চা বাগানের সমাহার। প্রাকৃতিক নান্দনিকতার সাথে নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর বসবাসে বৈচিত্র্যময় কমলগঞ্জের পর্যটনক্ষেত্রে নতুন আকর্ষণ পাহাড় টিলা বেষ্টিত ‘পদ্মছড়া লেক’। অবারিত সবুজের মাঝে টলটলে পানির অপরূপ লেকটি এখন পর্যটকদের বিনোদনের স্থানে পরিণত হয়েছে। তবে, এখনো দেশের অনেকের কাছেই অচেনা-অজানা এই “পদ্মছড়া লেকটি”।

জানা যায়, উপজেলার ভানুগাছ থেকে ৪ কিলোমিটার দক্ষিণে পদ্মছড়া চা বাগান। বাগানের মধ্যে দিয়ে ১ কিলোমিটার এগিয়ে গেলেই পাওয়া যাবে পদ্মছড়া লেক। চারদিকে সবুজের সমারোহের মধ্যে খানে স্বচ্ছ জলের লেকের অবস্থান। বাগানে প্রবেশ করলেই নাকে এসে লাগবে সবুজ পাতার গন্ধ। লেকের ধারে পৌঁছাতে পৌঁছাতেই মনকে চাঙ্গা করে তুলে সবুজ প্রকৃতি। বিমোহিত হয়ে পর্যটকদের অনেকেই হারিয়ে যান প্রকৃতির অপার সৌন্দর্যে। লেকের টলটলে পানি, সুনীল আকাশ আর গাঢ় সবুজ পাহাড়, তার সাথে ছবির মতো চা বাগানের এই মনোরম দৃশ্য নিয়ে পদ্মছড়া লেক অনন্য রূপ ধারণ করেছে।

স্থানীয় বাসিন্দা সাংবাদিক প্রণীত রঞ্জন দেবনাথ ও রুহুল ইসলাম বলেন, ‘আসলেই সৌন্দর্যের ভাণ্ডার নিয়ে যেন দাঁড়িয়ে আছে লেকটি। চারিদিকে সবুজের সমারোহ সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ। লেকটিকে ঘিরে কমলগঞ্জের পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। লেকটিকে দৃষ্টিনন্দন করতে পরিকল্পনা ও উদ্যোগ নেওয়া প্রয়োজন। বছরের যে কোনো সময়ে আনন্দভ্রমণ, পিকনিক বা বেড়ানোর জন্য বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে যে কেউ আসতে পারেন পদ্মছড়া লেকে।

মাধবপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মোতাহের আলী বলেন, ‘পদ্মছড়া চা-বাগানের লেকে অনেক পর্যটক আসছেন তাই লেকটিকে আরো দৃষ্টিনন্দন করার লক্ষে বৃক্ষরোপন কর্মসূচি হাতে নিয়েছেন। পর্যটকরা বাইক বা গাড়ি করে যাতে স্বাভাবিক ভাবে আসতে পারে সে জন্য রাস্তায় সংস্কার কাজ করেছেন। এ বছর লেকের রাস্তার দু-পাশে প্রায় শতাধিক বৃক্ষ রোপণ করেছেন।

তবে কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান এ পর্যটনের জায়গাটির দিকে এখনো নজর দিচ্ছে না। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে লেকটিকে আকর্ষণীয়ভাবে সংস্কার করা ও পর্যটকদের জন্য আরও উপযোগী করে গড়ে তোলা সম্ভব বলে জানান স্থানীয়রা।

শেয়ার করুন