১৬ জুন ২০২১
নিজস্ব প্রতিবেদক : দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিলেট-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কার করা হচ্ছেন এই আসনের সাবেক সংসদ সদস্য ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য শফি আহমদ চৌধুরীকে। এই ধারাবাহিকতার অংশ হিসেবে ইতিমধ্যে তাকে শোকজ করা হয়েছে।
বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দফতরের দায়িত্বপ্রাপ্ত এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি সিলেট-৩সহ তিনটি উপ-নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু, আপনি (শফি চৌধুরী) এ নির্বাচনে অংশগ্রহণ করছেন মর্মে দলের কাছে একটি ভিডিও ক্লিপ এসেছে। এ বিষয়ে আগামী ১৮ জুনের মধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে লিখিত কারণ দর্শাতে বলা হয় বিজ্ঞপ্তিতে।
বিএনপির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলনের সাথে যোগাযোগ করা হলে তিনি শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, বিএনপির কেন্দ্রীয় সদস্য শফি আহমদ চৌধুরী সিলেট-৩ আসনে উপ-নির্বাচনে অংশ নিতে মঙ্গলবার মনোনয়নপত্র দাখিল করেছেন।