১৪ জুন ২০২১
ডেস্ক রিপোর্ট : করোনার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মাধ্যমে সম্মান জানানো হলো সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালের নার্সিং কর্মকর্তাদের। হাসপাতালের ৫৯৮ জন নার্সিং কর্মকর্তার জন্য প্রণোদনা বাবদ প্রায় আড়াই কোটি টাকা বরাদ্দ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার অর্থ মন্ত্রণালয় থেকে এ অর্থ বরাদ্দ মঞ্জুর করা হয়।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনিএ) নেতারা জানান, করোনায় আক্রান্তদের সেবায় নিয়োজিত নার্সিং কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদের উৎসাহ দিতে প্রণোদনা দেয়ার ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ঘোষণার আলোকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত নার্সিং কর্মকর্তাদের তালিকা পাঠানো হয় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে।
হাসপাতালের সব নার্সিং কর্মকর্তার জন্য প্রণোদনা নিশ্চিত করতে স্বাস্থ্যমন্ত্রীর কাছেও ডিও লেটার পাঠান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। ড. মোমেন ও অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তারের আন্তরিক প্রচেষ্টায় হাসপাতালের সব নার্সিং কর্মকর্তাদের জন্য প্রণোদনা নিশ্চিত হলো। হাসপাতালের ৫৯৮ জন নার্সিং কর্মকর্তাদের সবার জন্য ২ কোটি ৪৭ লাখ ৯৯ হাজার ৩৩০ টাকা মঞ্জুর করেছে অর্থ মন্ত্রণালয়।
এদিকে, হাসপাতালের সব নার্সিং কর্মকর্তার জন্য প্রণোদনা নিশ্চিত করায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার নেতারা।