১১ নভেম্বর ২০১৭


জ্ঞান ফিরেছে কেয়া চৌধুরীর

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর জ্ঞান ফিরেছে এবং তিনি এখন কিছুটা সুস্থ। খানিকটা কথাও বলতে পারছিলেন বলে জানিয়েছেন কর্তব্যরত ডাক্তার।

শনিবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ. কে. মাহবুবুল হক সাংবাদিকদের বলেন, কেয়া চৌধুরী আশংকামুক্ত। এখন অনেকটা সুস্থ আছেন তিনি। সারাদিন ব্যস্ত থাকায় শরীর দুর্বল হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। এখন তার জ্ঞান আছে।

প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় বাহুবলের মিরপুর বেদেপল্লিতে এমপি কেয়া চৌধুরীর সভায় সন্ত্রাসী হামলা চালায় স্থানীয় ভাইস চেয়ারম্যান তারা মিয়া ও জেলা পরিষদের সদস্য আলাউর রহমানের অনুসারীরা। এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় মিরপুর বাজারে চৌমুহনায় প্রতিবাদ সভার আয়োজন করে কেয়া চৌধুরীর অনুসারীরা।

সভায় বক্তব্য প্রদানকালে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান এমপি কেয়া চৌধুরী। এরপর তাকে দ্রুত বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ৯ টার দিকে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর থেকে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

 

(আজকের সিলেট/১১ নভেম্বর/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন