২৯ মে ২০২১
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আদর্শ গ্রামে জলাশয় থেকে তিন মাসের শিশু মোহাম্মদ আলীর মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ এক নারীকে আটক করেছে।
শুক্রবার মধ্যরাতে শিশুটির বাবার মামলা দায়ের করেন। এর পরই ঐ নারীকে আটক করা হয়।
বানিয়াচং থানার ওসি মো. এমরান হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনার রহস্য উদঘাটনের দ্বারপ্রান্তে। শিশু মোহাম্মদ আলীর বাবা আবু ছালেহ অজ্ঞাতপরিচয়দের আসামি করে একটি মামলা দায়ের করেছেন। তিনি মামলায় উল্লেখ করেছেন- শিশুটিকে ঘরের বিছানা থেকে তুলে নিয়ে কেউ হত্যার পর জলাশয়ে ফেলে রাখে। আটক নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তিনি আটক নারীর পরিচয় প্রকাশ করেননি।
গত বৃহস্পতিবার সকালে শিশুটি ঘরের বিছানায় ছিল। কিছুক্ষণ পর স্থানীয়রা বাড়ির পার্শ্ববর্তী জলাশয়ে শিশুর মরদেহ ভেসে থাকতে দেখেন। খবর পুলিশ এসে মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠায়।
স্থানীয়রা জানান, আবু ছালেহ মিয়ার ৮ সন্তান। এদের মধ্যে চার ছেলে ও চার মেয়ে এবং সবচেয়ে ছোট মোহাম্মদ আলীর বয়স তিন মাস।