২৮ মে ২০২১
হবিগঞ্জ প্রতিনিধি : পথ হারিয়ে বনাঞ্চল থেকে লোকালয়ে চলে আসা বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানরকে উদ্ধার করে হবিগঞ্জের চুনারুঘাট সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকায় সংকটাপন্ন হিসেবে অন্তর্ভুক্ত এ প্রাণীটি। এর আগে বৃহস্পতিবার বিকেলে থেকে বানরটি উদ্ধার করা হয়।
সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রঘুনন্দন বনাঞ্চল থেকে লজ্জাবতী বানরটি পথ হারিয়ে বন বিভাগ হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর গ্রামে লোকালয়ে চলে যায়। খবর পেয়ে সেখান থেকে বানরটিকে উদ্ধার করে কিছুক্ষণ চিকিৎসা সেবা দিয়ে এটিকে সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
লজ্জাবতী বানর বা বেঙ্গল স্লো লরিসকে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) ২০২০ সালের তালিকায় সংকটাপন্ন (রেড লিস্ট) প্রজাতি হিসেবে দেখানো হয়েছে।
লজ্জাবতী বানর ছোট আকারের। এটি বেঙ্গল স্লো লরিস নামে পরিচিত। স্তন্যপায়ী শ্রেণীর লরিসিডি পরিবারের সদস্য এই বানর বাংলাদেশের বন্যপ্রাণী আইনের তফসিল-১ অনুসারে সংরক্ষিত প্রাণী।
লজ্জাবতী বানরের বৈজ্ঞানিক নাম Nycticebus bengalensis। এরা নিশাচর প্রাণী। এই বানর দিনের বেলায় গাছের উঁচু ডালে নিজেদের আড়াল করে উল্টো হয়ে ঝুলে থাকে। লজ্জাবতী বানর কচি পাতা, পোকা-মাকড়, পাখির ডিম খেয়ে থাকে।