২৫ মে ২০২১
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : নদীর পানি প্রচন্ড বৃদ্ধি পাচ্ছে এ অবস্থায় সুনাগঞ্জের বৃহৎ বোরো ফসলী ধানের হাওর ‘শনির হাওরের’ স্লুইস গেট বন্ধ। কৃষকরা শংকা প্রকাশ করছেন দুর্বৃত্তরা হাওরের স্থায়ী বাঁধ যে কোন দিক ভেঙ্গে দিতে পারে এমন সন্দেহে হাওর পাড়ের কৃষকরা ইতিমধ্যে শনির হাওরের স্লুইস গেইটটি খুলে দেওয়ার জন্য একটি লিখিত আবেদন করেছেন।
শনির হাওরপাড়ের মারালা গ্রামের কৃষক শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য মিয়া হোসেন জানান, তাহিরপুর উপজেলার ছোট বড় ২৩টি হাওরের ধান কাটা বিগত ১৫ দিন পূর্বেই শেষ হয়েছে। এ অবস্থা সবগুলো হাওরের স্লুইসগেট দিয়ে নদী থেকে হাওরে পানি প্রবেশ করছে। শুধু মাত্র শনির হাওরের স্লুইস গেইটটি বন্ধ থাকায় দুর্বৃত্তরা হাওরের যে কোন গুরুত্বপূর্ণ স্থান দিয়ে বাঁধ ভেঙ্গে দিতে পারে।
তাহিরপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. হাফিজ উদ্দিন বলেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের পরামর্শক্রমে সোমবার শনির হাওরের স্লুইসগেটের সবগুলো ঢালা সেতু মেস্ত্রীকে দিয়ে খুলে দেন ঐ দিনে হাওরের ভিতরে পানি যথাক্রমে প্রবেশও করতে থাকে। কিন্তু মঙ্গলবার দিন সকালে শনির হাওরের কৃষকরা জানতে পারেন শনির হাওরের স্লুইস গেইটের সবগুলো ঢালাকে বা কারা বন্ধ করে দিয়েছেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ বলেন শনির হাওর পাড়ের কৃষকদের লিখিত আবেদন পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং দ্রুত সময়ের মধ্যে গেইটটি খুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।