১৯ মে ২০২১


হবিগঞ্জে বিয়ের প্রস্তাব নিয়ে বাকবিতণ্ডা, যুবক খুন

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : বিয়ের প্রস্তাব নিয়ে বাক-বিতণ্ডার জের ধরে হবিগঞ্জে এক যুবক খুন হয়েছেন। নিহত যুবকের নাম সজিব আহমেদ (২০)। তিনি ময়মনসিংহ জেলার ফুলপুর থানার বড়ইকান্দি গ্রামের কাজীবুর রহমানের ছেলে। এ ঘটনায় পুলিশ হামলাকারী যুবক লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের ফারুক মিয়ার ছেলে কাদির আহমেদ উজ্জ্বলকে (২৭) আটক করেছে।

মঙ্গলবার রাতে হবিগঞ্জে সদর উপজেলার শৈলজুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, সজিব সম্প্রতি সদর উপজেলার শৈলজুরা গ্রামের মানিক মিয়ার বাড়িতে বেড়াতে আসেন। এক পর্যায়ে মানিক মিয়ার মেয়েকে বিয়ের প্রস্তাব দেন তিনি। কিন্তু বিয়েতে রাজি হননি তার বড় মেয়ের জামাই কাদির আহমেদ উজ্জ্বল।

মঙ্গলবার রাতে বিয়ে নিয়ে আলোচনায় সজিবের সঙ্গে উজ্জ্বলের কথাকাটাকাটি হয়। এর এক পর্যায়ে উজ্জ্বল ছুরি দিয়ে সজিবকে আঘাত করলে তিনি মারাত্মক আহত হন। গুরুতর অবস্থায় সজিবকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত উজ্জ্বলকে আটক করে পুলিশে সোপর্দ করে।

হবিগঞ্জ সদর থানার সেকেন্ড অফিসার জুয়েল সরকার জানান, সজিব ও উজ্জ্বলের মধ্যে মঙ্গলবার রাতে কথাকাটাকাটি হয়। এ সময় সজিব একটি লাঠি দিয়ে উজ্জ্বলের হাতে আঘাত করে। তখন উজ্জ্বল উত্তেজিত হয়ে ছুরি দিয়ে সজিবকে আঘাত করলে তিনি মারা যান।

সদর থানার ওসি মো. মাসুক আলী জানান, ঘটনাস্থল থেকেই হামলাকারীকে আটক করা হয়েছে।

শেয়ার করুন