১৭ মে ২০২১


গোয়াইনঘাট থেকে পর্যটক ফিরিয়ে দিচ্ছে পুলিশ

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি : করনা সংক্রমণের কারণে দেশের সকল পর্যটন স্পট বন্ধ থাকার ঘোষণা থাকলেও ঈদের ছুটিতে গোয়াইনঘাটের পর্যটন স্পটগুলোতে ভিড় করছেন দর্শনার্থীরা। এমন বাস্তবতায় কঠোর অবস্থান নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। সরকারের নির্দেশনা অমান্য করে লকডাউন চলমান অবস্থায় সিলেটের গোয়াইনঘাটের পর্যটন স্পটসমূহে পর্যটক-দর্শনার্থীর আগমন বন্ধ করতে জাফলং জিরো পয়েন্ট, সংগ্রাম বিজিবি ক্যাম্প ও আশপাশ এলাকা, আদিবাসী খাসিয়া পল্লী ও জাফলং চা বাগান এলাকায় কোনো ধরণের সমাগম যাতে না করতে পারে তাই রাস্তা থেকেই ফিরিয়ে দেওয়া হচ্ছে পর্যটকদেরে।

গত শুক্রবার ঈদুল ফিতরের দিনে শুরু হওয়া ট্যুরিস্ট পুলিশের সাব জোনের কর্মকর্তা ও সদস্যদের কড়াকড়ির কারণে সিলেট তামাবিল মহাসড়কের নলজুরি, গুচ্ছগ্রাম, গোয়াইনঘাটের বঙ্গবীর পয়েন্টে ট্যুরিস্ট পুলিশ সদস্যরা পর্যটকবাহী সব ধরণের যানবাহন ফিরিয়ে দিচ্ছে।

অস্থায়ী টহল টিম পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট বসিয়ে পুলিশের পক্ষ থেকে পর্যটকদের ফিরিয়ে দেয়া এবং লকডাউন চলাকালীন সময় গোয়াইনঘাটের পর্যটন স্পটসমূহ ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে।

জাফলং পর্যটন এলাকার নলজুরি পরিদর্শনকালে দেখা যায় ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম। ঈদকেন্দ্রিক জাফলংয়ে বেড়াতে আসা পর্যটক বহনকারী বাস, মাইক্রোবাস, পিকআপ ও মোটরসাইকেলসমূহের গতিরোধ করা হচ্ছে। পর্যটকবাহী এসব যানবাহনকে গতিরোধ করে পুনরায় একই রোড দিয়ে ফিরিয়ে দিতে দেখা গেছে।

জাফলং পর্যটন পুলিশের সাব জোনের অফিসার ইনচার্জ রতন শেখ জানান, সরকারের নির্দেশনা অমান্য করে গোয়াইনঘাটে বেড়াতে আসা পর্যটকদের যানবাহনের গতিরোধ করে তা আবার ফিরিয়ে দেয়া হচ্ছে। করোনা সংক্রমণ রোধ ও সৃষ্টসমূহ ক্ষতি থেকে গোটা এলাকাকে সুরক্ষিত রাখতে লকডাউন চলাকালীন সময়ে কোনো ক্রমেই পর্যটক-দর্শনার্থীদের প্রবেশ করতে দেয়া হবে না। সরকারি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সবক’টি পর্যটন স্পটে পর্যটন দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণ বন্ধ রাখা হবে।

শেয়ার করুন