১৫ মে ২০২১
নিজস্ব প্রতিবেদক : ঈদের পরদিন মুখরিত হয়ে উঠেছে সিলেটের পর্যটন স্পটসমূহ। প্রকৃতির টানে ছুটে আসা মানুষগুলোর বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসে সিলেটের পর্যটন স্পটগুলোতে সৃষ্টি হয়েছে অন্যরকম আবহের। ঈদের দ্বিতীয় দিন সকাল থেকে সিলেটের প্রতিটি পর্যটন স্পটে পর্যটকদের ভিড় ছিল লক্ষণীয়।
শনিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, করোনার ভয় উপেক্ষা করে ভোলাগঞ্জ জিরো পয়েন্ট এলাকায় বিভিন্ন এলাকা থেকে মাক্রোবাস, সিএনজি চালিত অটোরিকশা, প্রাইভেট কার, মোটর সাইকেল সহ বিভিন্ন যানে চড়ে এসে ভিড় করেছেন এই পর্যটন স্পটে। এখানে যে যার উপভোগ করছেন ঈদের আনন্দ। কেউবা পানিতে নেমে ভিজছেন, কেউবা নিজের মোবাইলে তোলে নিচ্ছেন সুন্দর মুহুর্তের ছবি। এভাবেই তরণ-তরুণী থেকে শুরু করে স্বপরিবারে অনেকে এসে সময় কাটাচ্ছেন প্রাকৃতিকে সৌন্দর্যে ভরপুর এই পর্যটন স্পটে।
শুধু ভোলাগঞ্জ জিরো পয়েন্ট নয়, একই ভাবে সিলেটের অন্যতম পর্যটনস্পট জাফলং, লালাখাল, রাতারগুল, বিছনাকান্দি, পান্তুমাই, দরগাহে হযরত শাহজালাল(র.) মাজারের পাশাপাশি নগরীর বিভিন্ন পার্কও হয়ে উঠেছে লোকে লোকারণ্য।
ভোলাগঞ্জ জিরো পয়েন্টে শনিবার সপরিবারে বেড়াতে আসা গোলাপগঞ্জ উপজেলার আলী আহমদ বলেন, ‘এখানে না এলে এর প্রকৃত সৌন্দর্য্য উপভোগ করা যেতো না। পাথরের সাথে পানির ঢেউয়ের মিতালী, মেঘালয়ের সবুজ পাহাড় এবং পাথরের স্তুপ যে কারোরই মন জুড়াবে’। এখানে বেড়াতে আসতে পেরে পরিবারের সদস্যরা খুশি বলে জানালেন তিনি।
করোনার প্রকোপের মধ্যে কেনো এসছেন জানতে চাইলে তিনি বলেন, ছোট বাচ্চারা বায়না ধরেছে, না এস উপায় নেই তাই বাধ্য হয়ে বেড়াতে নিয়ে এসেছেন।
পর্যটনে বিপুল সংখ্যক ভ্রমন পিপাসু পর্যটক ভিড় জমিয়েছেন। নারী পুরুষ, যুবক যুবতী, শিক্ষক ছাত্র, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও রাজনীতিবিদসহ কয়েক হাজার লোকের সমাগম দেখা গেছে।