১৯ জুন ২০২৩


শাবির দুই শিক্ষার্থীকে চার সেমিস্টার বহিষ্কার

শেয়ার করুন

শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে চার সেমিস্টার বহিষ্কার, অনেককে ১ সেমিস্টার ও একটি বিভাগকে সতর্কতার সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেটের ২২৮ তম সভা।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ২২৮ তম বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে ।

শাবির সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জহির বিন আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়েছে। প্রথম গ্রেডের অধ্যাপক হিসেবে প্রমোশন পেয়ছেন ৮ জন শিক্ষক। সেকেন্ড গ্রেডে উঠেছেন ৬/৭ জন। এছাড়া বাংলা বিভাগের একজন ছাত্রী ও একজন ছাত্রের ৪ সেমিস্টার বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে একজন মাস্টার্সের স্টুডেন্ট আরেকজন তৃতীয় বর্ষের। কিন্তু তাদের অন্যায় আরও বেশি বড় ছিল।

পরীক্ষায় নকলের জন্য অনেক শিক্ষার্থীকে এক সেমিস্টার বহিষ্কার করা হয়েছে বলে জানান তিনি। তবে সঠিক সংখ্যাটি তিনি বলতে পারেননি; ৭/৮ জন হতে পারে।

এছাড়া পরীক্ষা সংক্রান্ত বিষয়ে বাংলা বিভাগকে কড়াভাবে সতর্ক করা হয়েছে বলে জানান অধ্যাপক জহির।

এছাড়া ক্যাম্পাসে জলাবদ্ধতা নিয়ে সিদ্ধান্ত হয়েছে। এতে কমিটি গঠন করা হবে। সেই কমিটি জলাবদ্ধতা নিরসনে কাজ করবে বলে জানান অধ্যাপক জহির বিন আলম।

এদিকে বহিষ্কৃতদের নাম তাৎক্ষনিকভাবে জানা যায়নি। এ বিষয়ে রেজিস্ট্রার মো. ফজলুর রহমান সন্ধ্যার দিকে নাম প্রকাশ করার কথা রয়েছে।

শেয়ার করুন