১৩ মে ২০২১


সিলেটে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট আতঙ্ক

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : করোনার ভয়াবহ পরিস্থিতি চলা পার্শ্ববর্তী দেশ ভারত থেকে সিলেটে ফেরার ৯ দিনের মাথায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন এক নারী। আক্রান্ত হয়েছেন আরেকজন। আক্রান্ত ব্যক্তি বর্তমানে সিলেট শহরতলির খাদিমনগরস্থ ৩১ শয্যার হাসপাতালে কোয়ারেন্টিনে রয়েছেন।

স্বাস্থ্য ও করোনা বিষয়ক পরামর্শকরা সম্প্রতি বলেছেন- করোনার ভারতীয় ধরনটি ‘বি.১.১৬৭’ নামে পরিচিত যা অতি সংক্রামক। ভারতে করোনার সংক্রমণ মারাত্মকভাবে ছড়িয়ে পড়ার ক্ষেত্রে এ ধরন ভূমিকা রাখছে। ভারতের করোনার এ ভ্যারিয়েন্টটির সংক্রমণ ক্ষমতা অনেক বেশি তাই সবাইকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। করোনার বিপজ্জনক এ ধরন ভারতে প্রতিদিনই গড়ছে আক্রান্ত ও মৃত্যুর নতুন রেকর্ড।

এই অবস্থায় ভারত থেকে সিলেটে সদ্য আসা একজনের মৃত্যু ও আরেকজনের আক্রান্ত হওয়ার খবর সিলেটে নতুন করে আতঙ্কের সৃষ্টি করেছে। যদিও আক্রান্ত ব্যক্তির শরীরে ভারতের করোনার এ ভ্যারিয়েন্টের অস্তিত্ব আছে কি-না- সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। আক্রান্ত ওই ব্যক্তির শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বৃহস্পতিবার আইইডিসিআরে প্রেরণ করা হবে।

জানা গেছে, ভারত থেকে সদ্য আসা সিলেটের দক্ষিণ সুরমার আসমা বেগম (৪৮) নামের এক নারী করোনাভাইরাসে মারা গেছেন। বুধবার দুপুর ১২টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ৯ দিন আগে আসমা বেগম যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে ফেরেন। তিনি চিকিৎসা নিতে ওই দেশে গিয়েছিলেন।

জানা গেছে, যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ৯ দিন আগে আসমা বেগম ভারত থেকে চিকিৎসা শেষে দেশে ফেরেন। তিনি কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন। পরে তাঁকে সরকারি ব্যবস্থাপনায় যশোর বক্ষব্যাধি হাসপাতালে কোয়ারেন্টিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানে ৯ দিন চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য বুধবার (১২ মে) সকালে বিশেষ ব্যবস্থায় তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সিলেটে আসার পর যশোর থেকে ওই নারীর করোনা পরীক্ষার রিজাল্ট ‘পজিটিভ’ আসে।

পরে ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে সিলেট শহরতলির খাদিমনগরস্থ ৩১ শয্যার হাসপাতালে কোয়ারেন্টিনে পাঠান। সেখানে নেওয়ার পর বুধবার বেলা ১১টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে আবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির প্রায় এক ঘণ্টা পর তিনি মারা যান।

এদিকে, ভারতফেরত আরও একজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ওই ব্যক্তি বর্তমানে সিলেট ৩১ শয্যার খাদিমনগর হাসপাতালের আইসোলেশন সেন্টারে রয়েছেন। সেখানে ভারতফেরত আরও ২২ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাঁরা সবাই বিভিন্ন সময়ে ভারতে চিকিৎসার জন্য গিয়েছিলেন।

ভারতফেরত করোনায় আক্রান্ত এই ব্যক্তি করোনার নতুন ভারতীয় ধরনে আক্রান্ত কি না, সেটি পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে প্রেরণের প্রস্তুতি চলছে বলে সিলেট সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার সে নমুনা ঢাকায় প্রেরণ করা হতে পারে।

এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে বুধবার মারা যাওয়া নারীর সংস্পর্শে আসা সবাইকে শনাক্ত করে কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানা গেছে।

শেয়ার করুন