১০ মে ২০২১
জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জে বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে ঝগড়া বিবাদের জের ধরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে এক দম্পতি আলমগীর হোসেন (৩২) এবং তার স্ত্রীর মোর্শেদা বেগম (২৮) খুন হয়েছেন। তাদের চার সন্তান রয়েছে। বড় ছেলের বয়স ৯ বছর।
রোববার রাতে উপজেলার বেহেলী ইউনিয়নের আলীপুর গ্রামে এই মর্মস্পর্শী ঘটনা ঘটে। নিহতদের লাশ জামালগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আলীপুর গ্রামের তাহের আলীর ছেলে আলমগীর হোসেনের সঙ্গে বাড়ির পাশের জায়গা বিক্রয় নিয়ে কিছুদিন হয় চাচাতো ভাই ঝনর মিয়ার ছেলে রাসেল মিয়ার দ্বন্দ্ব চলে আসছে। বিক্রয় করা জায়গায় বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধে ২-৩ দিন হয় ঝগড়া বিবাদ চলছিল।
এর জের ধরে রবিবার রাত ৮টায় রাসেল মিয়া আলমগীর হোসেনের ঘরে ঢুকে তাকে ছুরিকাঘাত করে। এ সময় আলমগীরের স্ত্রী মোর্শেদা বেগম ফেরানোর চেষ্টা করলে তাকেও ছুরিকাঘাত করে রাসেল মিয়া। গুরুতর আহত দুইজনকে জামালগঞ্জ হাসপাতালে নিয়ে আসার সময় পথেই তাদের মৃত্যু হয়। রাত পৌঁনে ৯টায় জামালগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে ডাক্তাররা দুজনকেই মৃত ঘোষণা করেন।
জামালগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চি করে জানান, খুন হওয়া দম্পত্তির লাশ পুলিশের হেফাজতে রয়েছে। খুনিকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।