৭ মে ২০২১


ভবন রক্ষার কথা বলে ঘুষ চেয়ে ফেঁসে গেলেন ভূমি কর্মকর্তা

শেয়ার করুন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সরকারি জমিতে নির্মিত একটি ভবন উচ্ছেদের হাত থেকে রক্ষার কথা বলে ত্রিশ লাখ টাকা ঘুষ চাওয়ার অভিযোগে ভূমি কর্মকর্তা মো. আবিদ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি নবীগঞ্জ সদর ইউনিয়ন ভূমি অফিসের উপ সহকারী কর্মকর্তা।

উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বৃহস্পতিবার সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগ তদন্ত শেষে নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত এ বরখাস্তের আদেশ বহাল থাকবে বলেও তিনি জানান।

ওই কর্মকর্তা জানিয়েছেন, আবিদ আলীর বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এজন্য হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান গত ২২ এপ্রিল আবিদ আলীকে বরখাস্তের আদেশ জারি করেছিলেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন বলেন, ভূমি কর্মকর্তা আবিদ আলী এক ব্যক্তির কাছে ২০/৩০ লাখ টাকা ঘুষ চেয়েছিলেন। এ অভিযোগেই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনও বলা যাচ্ছে না।

এদিকে অন্য একটি সূত্রে জানা গেছে, নবীগঞ্জ উপজেলার শিবপাশা এলাকায় ফরছু মিয়া চৌধুরীর নামে এক যুক্তরাজ্য প্রবাসী নিম্বর টাওয়ার নামে একটি বহুতল বিপণিবিতান নির্মাণ করেন। বিপণিবিতানের ভেতরে সরকারের জমি রয়েছে এবং উচ্ছেদ থেকে রক্ষা করার জন্য তিনি প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে মোবাইল ফোনে ৫০ লাখ টাকা ঘুষ দাবি করেন। এ সময় বিপণিবিতানের মালিকপক্ষ উপসহকারী কর্মকর্তা মো. আবিদ আলীর সব কথাবার্তা মোবাইল ফোনে রেকর্ড করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

শেয়ার করুন