৫ মে ২০২১
নিজস্ব প্রতিবেদক : এসএমপির মোগলাবাজার থানা এলাকা থেকে শাবানা বেগম (১৩) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শাবানা বেগম মোগলাবাজার থানার রাঘবপুর গ্রামের সৈয়দ আলীর মেয়ে।
বুধবার সকালে পুকুরপাড়ে গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, ভোরবেলায় কলসি (কলস) দিয়ে পাশের বাড়ি থেকে পানি আনতে গিয়ে আর ঘরে ফিরেনি শাবানা। সকালে গাছের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে শাবানার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।
মোগলাবাজার থানার ওসি শামসুদ্দোহা বিষয়টি নিশ্চিত করে বলেন, শাবানার বাবা একজন জেলে। পরিবারে তার বড় বোন ও মা অসুস্থ রয়েছে। যে কারণে পুরো সংসারের ভার তার ওপর। এ অবস্থায় শাবানার মা পার্শ্ববর্তী বাড়ি থেকে খাবারের পানি আনার জন্য পাঠালে সে ফিরে আসেনি। অনেক খোঁজাখুজির পর পার্শ্ববর্তী বাড়ির পুকুর পাড়ের একটি গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় শাবানার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়। এরপর পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা হিসেবেই দেখা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে ঘটনাটি আত্মহত্যা, নাকি অন্য কিছু।