২৪ এপ্রিল ২০২১
ডেস্ক রিপোর্ট : সিলেট সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েকের বাসভবনে হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতেই কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক বাদী হয়ে সিলেটের কোতোয়ালি থানায় ১৬ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
কোতোয়ালি থানা ওসি এসএম আবু ফরহাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সিসিক কাউন্সিলর লায়েকের বাসায় হামলার ঘটনায় তিনি নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় ১৬জনকে আসামী করা হয়েছে। পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে। ঘটনার পর কাউন্সিলর লায়েকের বাসায় হামলার ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ইতোমধ্যে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ২০/২৫ জন দুর্বৃত্ত নগরীর মুন্সিপাড়ায় লায়েকের বাসায় হামলা করে। এসময় কাউন্সিলের বাসাসহ আশেপাশের আরও কয়েকটি বাসাও ভাংচুর করে তারা।
পরে রাত ১২টার দিকে ঘটনাস্থলে যান সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ অন্য ওয়ার্ডের কাউন্সিলররাও। এসময় তারা সেখানে বৈঠকেও বসেন এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে পুলিশ কমিশনারের প্রতি আহ্বানও জানান তারা।
পরে রাতে সিলেট সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক বাদী হয়ে সিলেটের কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।