২০ এপ্রিল ২০২১


শ্বশুর বাড়ির ইফতারী : আশির্বাদ না অভিশাপ

শেয়ার করুন

মিজানুর রহমান রুহিন : রমজান শব্দটির আরবী শব্দ হচ্ছে রামাদ্বান যার অর্থ প্রচন্ড তাপ, ভীষণ গরম এবং গলে যাওয়া।যেহেতু এই মাসে পাপ বিমোহিত হয় এবং গুনাহ সমূহ গলিয়ে নিঃশেষ হয়ে যায় সেই অর্থে এই মাস হচ্ছে রামাদান অর্থাৎ রমজান মাস। রহমত, মাগফেরাত এবং নাজাতের এই মাসেই নাযিল হয়েছিলো মহাগ্রন্থ আল-ক্বোরআন। তাছাড়া এই মাসেরই শেষ দশকের যেকোনো এক বেজোড় রজনীতে রয়েছে লাইলাতুলক্বদর যা হাজার রজনী অপেক্ষা উত্তম। তাই মুসলিম উম্মাহর কাছে এই মাসটির গুরুত্ব অপরিসীম।

প্রিয় পাঠক আল্লাহর তরফ থেকে দেওয়া এই নেয়ামত পুর্ন মাসটিকে আজ আমরা কালিমা লেপন করছি একটি বড় ধরনের কুপ্রথা তথা কুসংস্কার দিয়ে।আর তা হচ্ছে “শ্বশুর বাড়ির ইফতারি”নামক কুপ্রথা।আমাদের বৃহত্তর সিলেট তথা গোটা বাংলাদেশে রমজান মাস আসার সাথে সাথেই সমাজের একটা বড় অংশ যারা মেয়ে বোন কিংবা ভাগ্নি বিয়ে দিয়েছেন তাদের মধ্যে শুরু হয়ে যায় এক ধরনের মানসিক হাহাকার। বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের মধ্যে এই হাহাকারটি বেশী পরিলক্ষিত হয়।

সংযমের এই মাসে কোন পরিবারকে “শ্বশুর বাড়ির ইফতারী” নামক কুপ্রথা দিয়ে এরকম হাহাকার পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া ব্যক্তি কিংবা পরিবারের গুনাহ কতটুকু গলবে, কিংবা রহমত, মাগফেরাত এবং নাযাত কতটুকু মিলবে, কিংবা লাইলাতুলকদর এর মহিমা কতটুকু এরা প্রাপ্ত হবে তা একমাত্র আল্লাহ মালুম।

ইফতার করা এবং করানো একটি বিশাল ছওয়াবের কাজ। কিন্তু এই ছওয়াবের কাজটিকেই আজ আমরা একটা আযাবে পরিনত করেছি “শ্বশুর বাড়ির ইফতারী” নামক কুপ্রথা দিয়ে। এই কুপ্রথাটি ভোগ করছে কেউবা আয়েসে কেউবা লোকলজ্জার ভয়ে। যে যেপরিস্থিতেই শ্বশুর বাড়ীর ইফতারী খাচ্ছি আমরা কি একবারও চিন্তা করছি এই কুপ্রথার বোঝাটি যাদের উপর চাপাচ্ছি তাদের কি এই বোঝাটি বইবার সাধ্য আছে?

প্রিয় পাঠক এরকম পরিস্থিতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। সবাই সবার অবস্থান থেকে প্রতিবাদী হতে হবে।বিশেষ করে তরুন প্রজন্মকে সাহস করে আওয়াজ তুলতে হবে।শ্বশুর বাড়ীর ইফতারী নামক কুপ্রথার বিরুদ্ধে।

আসুন বদলে যাই, বদলে দেই,আওয়াজ তুলি”শ্বশুর বাড়ির ইফতারী”নামক কুপ্রথার বিরুদ্ধে।

(লেখক : তরুণ সমাজকর্মী। কুলাউড়া, মৌলভীবাজার)

শেয়ার করুন