১৬ এপ্রিল ২০২১
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে সুরমা নদী থেকে কবির মিয়া (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত কবির মিয়া (৪০) উপজেলার করিমপুর ইউনিয়নের নাগেরগাঁও গ্রামের মনোহর আলী ওরফে মনু মিয়ার ছেলে।
শুক্রবার দুপুর ২টায় সুনামগঞ্জ থেকে আসা ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেল ৩টায় কবির মিয়া বাড়ির পাশের সুরমা নদীতে গোসল করতে যান। তার সঙ্গে আরও অনেকেই গোসলে যান। তবে নদীতে ডুব দিয়ে আর ওপরে ওঠেননি কবির।
পরে অন্যরা তাকে খোঁজাখুঁজি করেও পাননি। সংবাদ পেয়ে দিরাই ফায়ার সার্ভিস দিরাই স্টেশন ইনচার্জ ইমরুল ইসলামের নেতৃত্বে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করলেও নদীর গভীরতা বেশি হওয়ায় তারা কবিরকে উদ্ধার করতে ব্যর্থ হয়।
শুক্রবার সকালে সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল এসে দীর্ঘ চেষ্টার পর দুপুর ২টায় তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
দিরাই থানার ওসি মো. আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।