১১ এপ্রিল ২০২১
ডেস্ক রিপোর্ট : চলমান লকডাউনের ধারাবাহিকতা ১২ ও ১৩ এপ্রিলেও বলবৎ থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, আজ শেষ হচ্ছে প্রথম দফার লকডাউন, আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হবে অপেক্ষাকৃত কঠোর ও সর্বাত্মক লকডাউন।
১২ ও ১৩ এপ্রিল কী হবে জানতে চাইলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী স্পষ্ট করে বলেন, প্রথম ধাপের চলমান লকডাউনের ধারাবাহিকতা চলবে ১২ ও ১৩ এপ্রিল।
এর আগে গত শুক্রবার দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছিলেন, আগামী বুধবার (১৪ এপ্রিল) থেকে ৭ দিনের কঠোর লকডাউনে যাচ্ছে দেশ। জরুরি সেবা ছাড়া সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে। কোনও যানবাহনের চাকা ঘুরবে না। পোশাক ও সকল শিল্প কারখানাও বন্ধ থাকবে।