৯ এপ্রিল ২০২১


১৪ তারিখ থেকে দেশে কঠোর লকডাউন

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক : দেশে করোনা সংক্রমণ ঠেকাতে চলছে দ্বিতীয় দফায় লকডাউন। এ লকডাউন মানছেন না মানুষ। এমন অবস্থায় ফের লকডাউনের কথা ভাবছে সরকার। আগামী ১৪ থেকে ২০ এপ্রিল দেশজুড়ে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লকডাউনে বন্ধ থাকবে সব সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গণমাধ্যমকে সরকারের এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেন, ‘এই লকডাউনে শুধু জরুরি সেবা চালু থাকবে। কোনোভাবেই মানুষ ঘরের বাইরে আসতে পারবে না। রোববার প্রজ্ঞাপন জারি করে বিষয়টি স্পষ্ট করা হবে।’

শুক্রবার সকালে করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এক সপ্তাহের ‘সর্বাত্মক’ লকডাউন নিয়ে ভাবছে সরকার। এটি কার্যকর হতে পারে ১৪ এপ্রিল থেকে।

তিনি বলেন, ‘দেশে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। সঙ্গে বাড়ছে জনগণের অবহেলা ও উদাসীনতা। এমন অবস্থায় সরকার জনস্বার্থে ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তাভাবনা করছে।’

চলমান এক সপ্তাহের লকডাউনে জনগণের উদাসীন মানসিকতার কোনো পরিবর্তন হয়নি বলেও মন্তব্য করেন কাদের।

করোনা বিস্তার নিয়ন্ত্রণে আরও দুই সপ্তাহের লকডাউনের সুপারিশ করেছেন দেশে করোনা নিয়ন্ত্রণে গঠিত কারিগরি কমিটির বিশেষজ্ঞরা। সিটি করপোরেশন এলাকায় পূর্ণ লকডাউনের সুপারিশও করেন তারা।

পরিস্থিতির ঊর্ধ্বগতি নিয়ে টেকনিক্যাল কমিটির ৩০তম অনলাইন বৈঠকে এ সুপারিশ তুলে ধরা হয়। এরপর শুক্রবার কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, করোনা নিয়ন্ত্রণে জাতীয় কারিগরি কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক মাস ধরে করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি চলছে। তা নিয়ন্ত্রণে ১৮ দফা নির্দেশনা জারি হয়েছে। মন্ত্রিপরিষদ বিধিনিষেধ দিলেও তা না মানায় করোনা নিয়ন্ত্রণ হচ্ছে না। ফলে সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়েছে।

‘এই সংক্রমণ ও মৃত্যু নিয়ন্ত্রণে আরও দুই সপ্তাহের লকডাউন করা যেতে পারে। বিশেষ করে সিটি করপোরেশন ও উচ্চ সংক্রমণ এলাকাগুলোতে দুই সপ্তাহের পূর্ণ লকডাউন দেয়া যেতে পারে।’

শেয়ার করুন