৭ এপ্রিল ২০২১
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশায় ছাত্রলীগ নেতা আফজাল খানকে লাঞ্ছিত করার ঘটনায় আটক হলেন ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসেম আলম।
বুধবার রাতে হরিপুর সাতঘরিয়া গ্রামের নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
আফজাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের উপ-আন্তর্জাতিক সম্পাদক ও এফ রহমান হলের সাংগঠনিক সম্পাদক।
আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের এক নেতাকে লাঞ্ছিত করার ঘটনায় আবুল হাসেমকে আটক করা হয়েছে।
জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাশেম আলমের ছেলের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের উপ-আন্তর্জাতিক সম্পাদক ও এফ রহমান হলের সাংগঠনিক সম্পাদক আফজাল খানের বিরোধ ছিল। আফজাল হেফাজতে ইসলামের সহিংসতার কিছু ছবি ফেসবুকে পোস্ট করলে মোজাহিদ তার দলবল নিয়ে গত মঙ্গলবার ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনে উত্তেজনা সৃষ্টি করেন।
একপর্যায়ে পুলিশও তাদের পক্ষ নিয়ে ওই ছাত্রকে হাতকড়া পরিয়ে ক্ষমা চাইতে বাধ্য করে। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে তারা ওই ছাত্রকে হাতকড়া পরানো অবস্থায় থানায় নিয়ে যায়। রাতে তার পরিচয় পেয়ে ছেড়ে দেয় পুলিশ। ঘটনা জানাজানি হলে কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা নিন্দা জানান।
জেলা আওয়ামী লীগের সাধারণ ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন, ছাত্রলীগ নেতাকে হেফাজতের পক্ষ নিয়ে লাঞ্ছিত করায় এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসেম আলমকে বহিষ্কার করা হয়েছে।