১৩ এপ্রিল ২০২০


সিলেটে করোনায় ভাইরাসে মহিলা আক্রান্ত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদনঃ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ পরীক্ষাগারে আরও একজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। গতকাল রবিবার ওসমানী মেডিকেল কলেজে তার শরীরের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা তার শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। ওই মহিলা ৪ দিন আগে ওই হাসপাতালে ভর্তি হয়ে একটি সন্তান প্রসব করেন। এরপর তার করোনা উপসর্গ দেখা দিলে তার শরীরের স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষা করা হয়। 
জানা গেছে, করোনা আক্রান্ত ওই নারীর বয়স ২৫। তার বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলায়। সম্প্রতি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার সিজার হয়। পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। আজ সোমবার সকালে ওই নারীকে ওসমানী মেডিকেল কলেজ থেকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সুশান্ত মহাপাত্র জানান, ওই নারীর শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। তাই তাকে আমাদের এখানে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট-এর সহকারী পরিচালক ডা: আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যমান পরিস্থিতিতে হাসপাতালের গাইনী ওয়ার্ড বন্ধ করে দেয়ার চিন্তা-ভাবনা চলছে। তিনি বলেন, ওই মহিলা সুনামগঞ্জে যাদের সংস্পর্শে ছিলেন-তাদেরকে কোয়ারেন্টিনে রাখতে সুনামগঞ্জ স্বাস্থ্য বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া শিশুটি সুস্থ আছে।
 
এর আগে সিলেট বিভাগে আরো চার জনের করোনা ভাইরাস সনাক্ত হয়। এ নিয়ে সিলেট বিভাগে ৫ জন করোনায় আক্রান্ত হলেন।

শেয়ার করুন