৭ এপ্রিল ২০২১
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আমির খান শিপন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। নিহত আমির খান শিপন চুনারুঘাট পৌর এলাকার গড়াইল গ্রামের নাছির খানের ছেলে। তিনি পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।
বুধবার দুপুরে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর গোলাম মোস্তাফা বলেন, ‘শিপন ও চান মিয়া নামের দুই যুবক চুনারুঘাট থেকে মোটরসাইকেল যোগে মাধবপুরের দিকে যাচ্ছিলেন। দুপুর ১টার দিকে তারা ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে আমির খান শিপন ঘটনাস্থলেই নিহত হন। তার সঙ্গে থাকা চান মিয়া গুরুতর আহত হন।’
পুলিশ ঘাতক পিকআপটি জব্দ করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।