১ এপ্রিল ২০২১


নোয়াগাঁওয়ে তান্ডব : আদালতে মামলা করলেন ঝুমন দাশের মা

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের ওপর হামলা ও লুটপাটের ঘটনায় মামলা দায়ের করেছেন ঝুমন দাস আপনের মা নিভা রানী দাস। আদালত মামলাটি ডিবি পুলিশকে তদন্তের জন্য দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম কান্ত সিনহার আদালতে মামলাটি করেন নিভা রানী দাস।

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট দেবাংশ শেখর দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, শাল্লা থানার পুলিশ মামলাটি না নেয়ায় আমরা আদালতে দাখিল করেছি। আদালত বাদীর জবানবন্দি নিয়ে মামলাটি ডিবির ওসিকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

নিভা রানী দাস মামলায় উল্লেখ করেছেন, তার ঘরে হামলাকারীরা ঢুকে পুত্রবধূকে শ্লীলতাহানীর চেষ্টা করে। মামলায় তিনি নাচনি, চন্ডিপুর, ধনপুর ও কাশিপুরসহ কয়েকটি গ্রামের ৭২ জনের নামোল্লেখসহ অন্তত ২ হাজার অজ্ঞাতনামা আসামি অংশ নেয় বলে উল্লেখ করেছেন।

মামলার বাদী নিভারাণী দাস আরও উল্লেখ করেন, গত ২৫ মার্চ এই মামলাটি তিনি শাল্লা থানায় দায়ের করেছিলেন। কিন্তু পুলিশ মামলাটি না নেয়ায় আজ বৃহস্পতিবার আদালতে মামলাটি দাখিল করেছেন। আদালতের কাছে তিনি এই ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন। একইসঙ্গে তার ছেলেরও মুক্তির দাবি করেন।

শেয়ার করুন