৪ নভেম্বর ২০১৭
মাসুদ রনি ও তাওহীদ রাসেল : আরিফুল হক চৌধুরী। সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র। আর রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচিত কাউন্সিলর ও প্যানেল মেয়র (১)। রাজনৈতিক বিবেচেনায় দুজনেই একই দলের নেতা। একজন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আর অপরজন সিলেট মহানগরের সহ-সভাপতি। এবং দুজনেই সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম. সাইফুর রহমানের অনুসারী। গত বিএনপির সরকার ক্ষমতায় থাকাকালিন সময়ে ৪নং ওয়ার্ডের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্ভোধনও করেন আরিফ। এমনকি সিসিকের চলতি মেয়াদেও ৪নং ওয়ার্ডের বিভিন্ন উন্নয়ন কাছে আরিফের উপস্থিতি ছিল। এসব কিছুর মিল থাকলেও হঠাৎ করেই দুজনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।
২০১৪ সালের ১০ই জুন সিসিকের মাসিক সভায় কয়েস লোদীর বিরোদ্ধে নিয়ম বহির্ভূত অনাস্থা প্রস্তাব আনাকে কেন্দ্র করে সম্পর্কে চির ধরে। তখন থেকেই কর্পোরেশনের আরে কোন সভায় কয়েস লোদীকে দেখা যায়নি। এমনকি কর্পোরেশনের বাহিরেও মেয়র আরিফের ধারে কাছেও ছিলেন না লোদী।
এর পর একাধিকবার মেয়র দেশের বাহিরে গেল এমনকি জেলে গেলেও মেয়র প্যানেলের জৈষ্ট সদস্য কয়েস লোদীকে মেয়রের দ্বায়িত্ব দেননি। বিষয়টি দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে। আদালত একটি পূর্ণাঙ্গ রায়ও দিয়েছেন। সর্বশেষ মেয়র আরিফ হজে যাওয়ার সময়ও এই রায়ের প্রতিফলন ঘটনাননি।
কয়েস লোদীর অভিযোগ মেয়র আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কয়েস লোদীকে ভারপ্রাপ্ত মেয়রের দ্বায়িত্ব দেননি। আর আরিফের দাবি আইনের মারপ্যাচেই লোদী দ্বায়িত্বপালন করতে পারেন নি। এনিয়ে গত তিন বছর থেকে দুজনের মধ্যে চলছে দ্বন্ধ। আর তাই দুজনেই প্রতিপক্ষ হিসেবে নগরবাসীর কাছে পরিচিত।
কিন্তু সম্পর্কের এত অবনতির মাঝেও গত বৃহষ্পতিবার হঠাৎ’ করেই নগরীর একাধিক অনুষ্ঠানে দুজনকে এক সাথে দেখা যায়।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরীর জন্মদিন উপলক্ষে দুজনেই আসেন তাকে শুভেচ্ছা জানাতে। ক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে আয়োজিত সুহৃদ সমাবেশেও যোগ দেন দুজন এক সাথে। বসেন পাশাপাশি। কানে কানে কথাও বলেন দুজনে। জন্মদিনের কেক একে অপরকে খাইয়ে দেন। এতে উপস্থিত সাংবাদিক সহ অডিয়েন্স তাদেরকে করতালি দিয়ে অভিনন্দিতও করে।
বৃহষ্পতিবার মুহিত চৌধূরীর জন্মদিন অনুষ্ঠান ছাড়াও নগরীর কোর্ট পয়েন্টে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচী, ৬নং ওয়ার্ডে সিসি ক্যামেরা উদ্ভোধন এবং ৯ নং ওয়ার্ডে মসজিদের ভিত্তপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে দুজন ছিলেন এক সাথে।
নগরবাসী মনে করেন সম্পর্ক অব্যাহত থাকুক।
(আজকের সিলেট/৪ নভেম্বর/ডি/এমকে/ঘ.)