২৯ নভেম্বর ২০২৩
শাহীনুর পাশা চৌধুরী। ফাইল ছবি।
জ্যেষ্ঠ প্রতিবেদক : জমিয়তে উলামায়ে ইসলাম থেকে পদ হারিয়ে পদত্যাগের পর এবার ‘তৃণমূল বিএনপি’-তে যোগ দিলেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী। গত রোববার (২৬ নভেম্বর) রাতে তিনি তৃণমূল বিএনপিতে যোগ দেন বলে বেশ কয়েকটি সূত্র জানিয়েছে।
এদিকে পদত্যাগের পর স্থানীয় কয়েকটি সংবাদ মাধ্যমের সঙ্গে খোলামেলা আলাপ করে পাশা চৌধুরী জানান, এবারও তিনি দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করবেন। তবে কোন প্রতীক নিয়ে নির্বাচন করবেন ; সেটা মনোনয়নফরম জমা দেওয়ার দিন আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলেও জানান জমিয়তের সাবেক এ সহসভাপতি।
পাশার ঘনিষ্ঠ কয়েকটি সূত্র জানিয়েছে, দলের প্রতি অভিমান রেখে তৃণমূল বিএনপি থেকেই নমিনেশন জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এ খবরটিকে আরও বেশ নিশ্চিত করলেন খুদ শাহীনুর পাশা-ই। গতকাল রাতে ও এর আগেরদিন তার ব্যক্তিগত ফেসবুকে একটি ভিডিও এবং একটি অনলাইন পোর্টালের লিংক শেয়ার করেন তিনি। ভিডিওটির ক্যাপশনে লেখা ‘নির্বাচনে তৃণমূল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী শাহীনুর পাশা চৌধুরী।’ আর শেয়ারকৃত লিংকের শিরোনাম ‘সুনামগঞ্জ-৩ আসনে এবারো শাহীনুর পাশা চৌধুরী দলীয় প্রতীকে নির্বাচন করবেন’। খবর দু’টিকে সমর্থন জানিয়ে ক্যাপশনে ‘আলহামদুলিল্লাহ’ও যোগ করেন পাশা। এতে প্রায় নিশ্চিত করে বলা যায় যে,তিনি তৃণমূল বিএনপির প্রতীকে নির্বাচন করবেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের কথা জানান ইসলামপন্থী নয়টি দলের ১৪ নেতা। তাদের মধ্যে শাহীনুর পাশা চৌধুরীও ছিলেন। এর একদিন পর শুক্রবার পাশার দল জমিয়ত তার সদস্যপদ স্থগিতের ঘোষণা দেয়। দলের এমন ঘোষণাতে নিজ ফেসবুকে একটি হুমকিমূলক স্ট্যাটাস দিয়ে জমিয়ত থেকে পদত্যাগ করেন পাশা।
২০০১ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আবদুস সামাদ আজাদের সঙ্গে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন পাশা। ২০০৫ সালে সাবেক পররাষ্ট্রমন্ত্রীর (আবদুস সামাদ আজাদ) মৃত্যুতে পাশার মুখে যেন হাসির খই ফুটে। ‘তার মৃত্যুর পরদিনই পাশা বিভিন্ন পত্রিকা অফিসে গিয়ে মিষ্টি বিতরণ করেন’— এমন সংবাদ ছড়িয়ে পড়ে বিভিন্ন মাধ্যমে। পরে ওই আসনে উপনির্বাচনে ৪ দলীয় জোটের প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
এএস // আতারা