৩০ মার্চ ২০২১
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : মহান আল্লাহ তায়ালা ও হুজুরদের নিয়ে ফেসবুকে কটূক্তি করার অপরাধে নবীগঞ্জে অর্পণ সূত্রধর (২৪) নামের এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অর্পণ সূত্রধর নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বহরমপুর গ্রামের অরুন সূত্রধরের ছেলে।
মঙ্গলবার সকাল ৭ টায় ভ্রাম্যমাণ আদালত তাকে এ দণ্ড দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন। এর আগে সোমবার রাতে তাকে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশ।
স্থানীয়রা জানান, অর্পণ সূত্রধর ফেসবুকে মহান আল্লাহ তায়ালা ও হুজুরদের নিয়ে বাজে মন্তব্য করে। এতে এলাকার লোকজন প্রতিবাদ করেন। দেখা দেয় উত্তেজনা।
খবর পেয়ে নবীগঞ্জ থানার ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামসুদ্দিন খান একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে তাকে স্থানীয়দের সহায়তায় আটক করেন। তাকে আটকের পর এলাকার উত্তপ্ত পরিবেশ শান্ত হয়।
এসময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ্, নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ প্রমুখ।